ঈদের পর বস্ত্র মিলগুলো বন্ধ হওয়ার আশঙ্কা
৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি নিষিদ্ধের দাবি জানিয়েছে দেশের প্রাথমিক বস্ত্র খাতের মালিক সমিতি বিটিএমএ। তারা বলেছে, কারখানা বা মিলগুলোতে যে পরিমাণ সুতা ও কাপড় জমে গেছে, তা থেকে পরিত্রাণ না পেলে আসন্ন রোজার ঈদের পর মিলগুলো বন্ধ করে দিতে হবে।বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আমরা যদি প্রতিকার না পাই, তবে ঈদের পর সম্ভবত মিলগুলো বন্ধ করতে বাধ্য হব।’বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার তিনি এসব কথা বলেন।জাহাঙ্গীর আলামিন বলেন, প্রাথমিক বস্ত্র খাত অনেক চেষ্টা করেও সরকারের কোনো নীতি-সহায়তা পাচ্ছে না। তিনি বলেন, বিটিএমএর আওতাভুক্ত সুতার মিলগুলোতে বর্তমানে নয় হাজার কোটি টাকা মূল্যের দুই লাখ ৫০ হাজার টনের মতো সুতা মজুদ হয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে বিটিএমএর সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, বর্তমান সহসভাপতি আহমেদ আলী ও এম এ জাহের এবং বেশ কিছু শিল্পমালিক উপস্থিত ছিলেন।সম্মেলনের শুরুতেই সংগঠনের সভাপতি প্রাথমিক বস্ত্র খাতের বর্তমান সংকট তুলে ধরেন। জাহাঙ্গীর আলামিন বলেন, প্রাথমিক বস্ত্র খাত (সুতা ও কাপড়ের মিল) ২০১০ সালের সেপ্টেম্বর থেকে নিয়ন্ত্রণবহির্ভূত কারণে অসম প্রতিযোগিতায় পড়ে। বর্তমানে এই খাত গভীর সংকটে পতিত হয়েছে।কারণ ব্যাখ্যা করে বিটিএমএ বলেছে, ২০১০ সালের মার্চ-এপ্রিল সময় থেকে আন্তর্জাতিক বাজারে তুলার অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ২০১১ সালের জানুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নে বিশেষ প্রবেশাধিকার-সুবিধা (জিএসপি) পেতে উৎসবিধি (রুলস অব অরিজিন) শিথিল, দেশে গ্যাস-বিদ্যুতের সংকটে মিলগুলোয় কাপড়ের উৎপাদন সক্ষমতার ৩৫ শতাংশে ও সুতার ৬০ শতাংশে নেমে আসা এবং ২০১১ সালের মে-জুন থেকে আন্তর্জাতিক বাজারে তুলার ক্রমাগত মূল্যহ্রাসের পরিপ্রেক্ষিতে আমদানি করা সুতা ও কাপড় দিয়ে অধিক হারে তৈরি পোশাক রপ্তানি বেড়ে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।বিটিএমএ জানায়, দেশে বর্তমানে প্রাথমিক বস্ত্র খাতে বিনিয়োগের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা। বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে এটিই বৃহৎ খাত। বর্তমানে এই খাতে ৩৭৭টি স্পিনিং, ৭০৫টি উইভিং ও ২৩১টি ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং শিল্প রয়েছে।জাহাঙ্গীর আলামিন বলেন, দেশের রপ্তানি পোশাকের মধ্যে নিট খাতের ৮০ ভাগ ও ওভেন খাতের ৪০ ভাগ কাঁচামাল সরবরাহ করার ক্ষমতা তাঁদের আছে। এতে রপ্তানি পোশাকের ৭০ ভাগ মূল্য সাশ্রয় হচ্ছে।অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুসারে, ২০১০ সালের জানুয়ারি-জুন সময়ের তুলনায় ২০১১ সালের একই সময়ে সুতা আমদানি বেড়েছে ১৮ দশমিক ২১ শতাংশ, ওভেন ও নিট কাপড়ের আমদানি বেড়েছে যথাক্রমে ৫১ দশমিক ১৮ ও ২৯৩ দশমিক ০৬ শতাংশ। এ পরিস্থিতিতে পড়ে দেশের মিলগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেদাবি করেন বিটিএমএর নেতারা।বিটিএমএ বলছে, বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী ভারত তাদের এই শিল্প খাতকে নানা ধরনের নীতি ও নগদ সহায়তা দিয়ে আসছে। তাই দেশের প্রাথমিক বস্ত্র খাত কেবল অসম প্রতিযোগিতায়ই পড়েনি, বরং হুমকির মুখে রয়েছে।উল্লেখ্য, এর আগে ভারত তাদের সুতার মিলগুলোর জন্য তুলার জোগান নিশ্চিত করতে রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল এবং একপর্যায়ে এসে তুলা রপ্তানিই নিষিদ্ধ করে দেয়। তখন দেশে সুতা ও বস্ত্র মিল না থাকলে বাংলাদেশের রপ্তানিই আটকে যেত। অথচ এখন ভারত এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারই শুধু করেনি, বরং রপ্তানিতে সাড়ে ৭ শতাংশ হারের চেয়ে বেশি হারে প্রণোদনা দিচ্ছে। ভারত গত জুলাইয়ে এ নির্দেশনা দিলেও তা এপ্রিল থেকে কার্যকর করেছে। এতে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকেরা দেশের মিল থেকে সুতা বা কাপড় না কিনে ভারত থেকে আমদানি করছেন। আবার ইউরোপে শিথিল করা জিএসপির আওতায় রপ্তানিতে সাড়ে ১২ শতাংশ হারে কর ছাড় পাচ্ছে। গত জুলাই থেকে সরকার দেশের কাঁচামাল ব্যবহারে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দিচ্ছে পোশাক খাতে। এভাবে তৈরি পোশাক খাত নানা সুবিধা পেলেও প্রাথমিক বস্ত্র খাত তা পাচ্ছে না।জাহাঙ্গীর আলামিন বলেন, ইতিমধ্যেই ৫০ ভাগ উৎপাদন বন্ধ হয়ে গেছে। সুতা বানানোর ৮৭ লাখ টাকুরের (স্পিন্ডাল) মধ্যে এখন চলছে ৪৫ লাখ।বিটিএমএ সভাপতি এ পরিস্থিতিতে আগামী ছয় মাসের জন্য ৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান। একই সঙ্গে তিনি বর্তমান বিকল্প নগদ সহায়তার হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার এবং বন্ডের মাধ্যমে আমদানির ক্ষেত্রে কোটা বসানোর দাবি করেন।জাহাঙ্গীর আলামিন বলেন, দেশের মিলগুলো নিট ও ওভেন পোশাকের সুতা ও কাপড়ের ক্ষেত্রে যথাক্রমে ৮০ ও ৪০ শতাংশ হারে সরবরাহ নিশ্চিত করেছে। যে কারণে বাকি আমদানির সুযোগ কোটার মাধ্যমে দেওয়া যেতে পারে।এ মতিন চৌধুরী বলেন, পোশাক খাতে বিশ্ববাজারে চীন এক নম্বরে রয়েছে। এটা কেউ ঠেকাতে পারছে না। দ্বিতীয় কে হবে, তা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতে প্রতিযোগিতা চলছে। ভারত তাদের বস্ত্র খাতকে অধিকতর প্রতিযোগী করতে নানা নীতি সমর্থন ও বিভিন্ন ক্ষেত্রে ২৫ শতাংশের বেশি হারে নগদ সহায়তা দিচ্ছে। ফলে, বাংলাদেশের বস্ত্র খাতকে সংরক্ষণেও সরকারকে পদক্ষেপ নিতে হবে। মতিন চৌধুরী বলেন, ‘আমরা প্রতিযোগিতায় সক্ষম, কিন্তু ভারত যখন তাদের দেশের প্রাথমিক খাত থেকে শুরু করে তুলা উৎপাদনে কৃষক পর্যন্ত নানা ধরনের আর্থিক ও নীতি-সহায়তা দেয়, তখন আমরা পিছিয়ে পড়ি।’তিনি বলেন, ‘আমরা তো এমনিতেই কোনো সহায়তা চাচ্ছি না। আমরা চাচ্ছি ভারত যে সহায়তা দিচ্ছে, তার পাল্টা হিসেবে কিছু নীতি-সহায়তা।’মতিন চৌধুরী আরও বলেন, ৩০ কাউন্ট পর্যন্ত সুতা আমদানি বন্ধ করা যেতেই পারে। ভারত তো কিছুদিন আগে রপ্তানি বন্ধ করেছিল।