ঈদের সময় পোশাক কারখানা পর্যায়ক্রমে ছুটি হবে
আসন্ন ঈদে নৌপথের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে পোশাক কারখানাগুলোয় পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে।নৌপরিবহন মন্ত্রণালয়ে গত বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। একইসঙ্গে তৈরি ও নিট পোশাক খাতে ঈদের ছুটি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত হয়। সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে সচিব আব্দুল মান্নান হাওলাদার, তৈরি পোশাক প্রস্তত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সিদ্দিকুর রহমান, নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর পরিচালক মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের পর্যায়ক্রমে ছুটি দিলে যানবাহনের ওপর চাপ কমবে। তারা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে। ছুটির ব্যাপারটি নিরাপদ ও আনন্দদায়ক করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।