ঈশ্বরগঞ্জে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এখন বাণিজ্যিকভিত্তিতে স্ট্রবেরি ফলের চাষাবাদ শুরু হয়েছে। নজরুল ইসলাম শিশির নামে স্থানীয় এক যুবক ২০০৯ সালে এখানে স্ট্রবেরির চাষ শুরু করেন, যা এক বছরেই জনপ্রিয়তা লাভ করেছে।নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, বেশ কয়েক বছর আগে সাইপ্রাসে থাকাকালীন তিনি সেখানকার একটি স্ট্রবেরি বাগানে খণ্ডকালীন কাজ করে এই ফলটির চাষাবাদের পদ্ধতি রপ্ত করেন। দেশে ফেরার পর এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে তিনি সেটি চালানোর পাশাপাশি স্ট্রবেরির বাগান করার কথা ভাবেন। সে অনুযায়ী গত বছর জয়পুর গ্রামের জনৈক হযরত আলীর কাছ থেকে ৫০ শতাংশ জমি তিন বছরের জন্য ৩৬ হাজার টাকায় ভাড়া নিয়ে সেখানে স্ট্রবেরির আবাদ শুরু করেন। ‘প্যারাডাইস স্ট্রবেরি চাষ প্রকল্প’ নামের এই বাগান শুরু করার আগে তিনি দেশে বাণিজ্যিকভিত্তিতে স্ট্রবেরি চাষের উদ্যোক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুর হোসেনের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন।নজরুল ইসলাম জানান, প্রথম বছরেই তিনি আড়াই লাখ টাকার স্ট্রবেরি ফল বিক্রি করেন। কয়েক দিনের মধ্যেই নতুন মৌসুমের জন্য স্ট্রবেরির চারা লাগানো শুরু করবেন। এবার তিনি ১৩ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এরমধ্যে চারা বিক্রি করে ছয় লাখ এবং ফল বেচে সাত লাখ টাকা পাওয়ার আশা করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানসহ উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, আকন্দ এবং তাঁর প্রতিবেশী ও গৌরীপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা চিত্তরঞ্জন বিশ্বাস তাঁর বাগান পরিদর্শনের পাশাপাশি তাঁকে নিয়মিত সহযোগিতা করে থাকেন।চিত্তরঞ্জন বিশ্বাস প্রথম আলোকে জানান, এক বিঘা জমিতে চার থেকে ছয় হাজার স্ট্রবেরির চারা লাগানো যায়, যা থেকে ৮০০ থেকে ১২০০ কেজি ফল তোলা যায়।মাহমুদুল হাসান জানান, বাণিজ্যিকভিত্তিতে স্ট্রবেরি চাষ খুবই লাভজনক। দেশে ও আন্তর্জাতিক বাজারে দিন দিন এই ফলের কদর বাড়ছে। স্ট্রবেরি ক্যানসার প্রতিরোধক আর ভিটামিন এ, ই ও সি-এর উৎস হিসাবে কাজ করে। নজরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের সহায়তায় স্ট্রবেরির জুস, জেলি ও জ্যাম তৈরির কাজ করছেন বলে জানান।