ঈশ্বরদী ইপিজেডে জাপানি কোম্পানি বিনিয়োগ করবে
জাপানি মালিকানাধীন কোম্পানি টোয়া পার্সোনাল প্রটেক্টিভ ডিভাইস, বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি শিল্পকারখানা স্থাপন করবে।এই কোম্পানি এক কোটি ৬৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল গ্লোবস তৈরি ও রপ্তানি করবে। কোম্পানিটিতে ৫২৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ হবে। এ ব্যাপারে ঢাকায় সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও টোয়া পার্সোনাল প্রটেক্টিভ ডিভাইসের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং টোয়া পার্সোনাল প্রটেক্টিভ ডিভাইসের চেয়ারম্যান তাকাশি ইয়ামাগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই লিজ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সচিব মো. শওকত নবী, বিনিয়োগ উন্নয়ন মহাব্যবস্থাপক এ জেড এম আজিজুর রহমান, জনসংযোগ মহাব্যবস্থাপক এস এম আখতার আলম মোস্তাফীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।