ঈশ্বরদীতে তিন মাস বিমান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা থাকার পরও ঢাকা-ঈশ্বরদী আকাশপথে তিন মাস ধরে বিমান চলাচল বন্ধ রয়েছে। এতে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাসহ (ইপিজেড) এই অঞ্চলের উদ্যোক্তা-ব্যবসায়ী ও বিদেশি ক্রেতা-বিনিয়োগকারীরা নিয়মিত ও জরুরি ব্যবসায়িক কাজে অল্প সময়ে ঢাকায় আসা-যাওয়া করতে পারছেন না।
এই পথে চলাচলকারী একমাত্র বিমান ইউনাইটেড এয়ারওয়েজ গত ২৯ মে থেকে উড্ডয়ন কার্যক্রম বন্ধ রেখেছে। উল্লেখ্য, ১৭ বছর পর ২০১৩ সালের ১৮ নভেম্বর ঢাকা-ঈশ্বরদী পথে বিমান সেবা চালু করা হয়। মাস ছয়েক পরে তা আবার বন্ধ হয়ে যায়।
যোগাযোগ করা হলে ইউনাইটেড এয়ারওয়েজের উপ-মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বিমান ওঠা-নামার জন্য ১০০ ফুট প্রশস্ত রানওয়ের প্রয়োজন। কিন্তু ঈশ্বরদী বিমানবন্দরের রানওয়ে ৭৫ ফুট প্রশস্ত। তাই ঝুঁকি নিয়ে তাঁরা বিমান চালু করতে পারছেন না।
তবে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলার আব্দুর রশীদ প্রথম আলোকে জানান, ইউনাইটেড এয়ার এ পথে ড্যাস-৮ বিমান ব্যবহার করত। এদের ওঠানামা করার মতো সুবিধা আছে ঈশ্বরদী বিমানবন্দরে।