ঈশ্বরদীর বেনারসিপল্লি আবার ঘুরে দাঁড়াচ্ছে

রং-সুতার অব্যাহত মূল্যবৃদ্ধি, শ্রমিক-সংকট ও চাহিদা কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল পাবনার ঈশ্বরদীর বেনারসিপল্লি। কিন্তু এ বছর ঈদ সামনে রেখে বাজারে বেনারসি ও কারচুপির কাজ করা শাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় আবার ঘুরে দাঁড়িয়েছে এই শিল্প। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় এখনো রাত-দিন অবিরাম কাজ করছেন শ্রমিকেরা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, স্বাধীনতার আগে থেকেই উপজেলার লোকসেড ও ফতেমোহাম্মদপুর এলাকায় বেনারসি শাড়ি তৈরি হতো।
স্বাধীনতার পর এখানে কিছু এই শিল্প গড়ে ওঠে। বর্তমানে দুটি বেনারসিপল্লিতে প্রায় ৩০০ তাঁতকল রয়েছে। এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। গত কয়েক বছর রং-সুতার অব্যাহত মূল্যবৃদ্ধি, শ্রমিক-সংকট ও বাজারে বেনারসি শাড়ির চাহিদা কমে যাওয়ায় শিল্পটি ঝিমিয়ে পড়েছিল। অনেকেই বেনারসির কাজ ছেড়ে অন্য কাজে চলে যান।
কিন্তু বর্তমান বাজারে বেনারসির ও কারচুপির কাজ করার শাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ঈদ সামনে রেখে প্রচুর শাড়ি বিক্রি হচ্ছে। বর্তমানে ঈশ্বরদীর এই বেনারসিপল্লি থেকে ফুলকলি, আনারকলি, নেট কাতান ও পিওর কাতানসহ বিভিন্ন নামে শাড়ি তৈরি ও বাজারজাত করা হচ্ছে। এটি বিক্রি হচ্ছে দুই থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামে।
লোকসেড এলাকার একটি বেনারসি কারখানার মালিক মো. জাবেদ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তান থেকে আমদানি হওয়া শাড়ির ওপর নির্ভরশীল ছিলেন দেশীয় ক্রেতারা। ফলে বেনারসি শাড়ির চাহিদা কমে গিয়েছিল। বর্তমানে এই শাড়িতে কিছু আধুনিকতা যোগ করায় আবার এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখন আমাদের শাড়ি বিদেশে রপ্তানিও হচ্ছে।’
ফতেমোহাম্মদপুরের বেনারসি শ্রমিক মজনু মিয়া জানান, প্রতিটি শাড়ি তৈরি করতে একজন শ্রমিকের তিন থেকে চার দিন লাগে। গড়ে একজন শ্রমিক সপ্তাহে দুটি করে শাড়ি তৈরি করতে পারেন। এতে তাঁর দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় হয়।
এ প্রসঙ্গে ঈশ্বরদী পৌরসভার নারী কাউন্সিলর শাহানাজ পারভিন বলেন, ‘আমি মাঝেমধ্যেই তাঁতিদের সঙ্গে দেখা করছি ও তাঁদের খোঁজখবর নিচ্ছি। ওঁরাও এখন বেশ খুশিমনে কাজ করছেন।’
ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বলেন, এখানে স্থানীয় কারখানাগুলোর পাশাপাশি সরকারিভাবেও একটি পৃথক বেনারসিপল্লি রয়েছে। কিন্তু সেখানে কোনো কার্যক্রম নেই। তাই এই পল্লিটি পুরোদমে চালুর দাবি জানাচ্ছি।’