উচ্চ আদালতে এক্সিম ব্যাংকের ৪টি এজিএম অবৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের চারটি বার্ষিক সাধারণ সভাকে (এজিএম) অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন উচ্চ আদালত। একই সঙ্গে আদালত নতুন করে ওই চারটি এজিএম অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন। ব্যাংকটির কয়েকজন উদ্যোক্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি আদালত এই নির্দেশ দিয়েছেন। আদালত ব্যাংকটির নবম, দশম, একাদশ ও দ্বাদশ এজিএমকে অবৈধ ঘোষণা করেছেন। এতে এসব সভায় নেওয়া সিদ্ধান্তগুলোও অবৈধ হয়ে গেল। উচ্চ আদালত নতুন এজিএমের তারিখও নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি আদালত সেগুলোর সব ধরনের রিটার্ন গ্রহণের জন্য যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়কে (আরজেএসসি) নির্দেশ দিয়েছেন। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ ইমাম আলীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশনা জারি করেন।জানা গেছে, ২০০৮ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের নবম এজিএমে তিন উদ্যোক্তা পরিচালককে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে অপসারণ করা হয়। তাঁরা হলেন: মাজাকাত হারুন, আমিনুর রহমান খান ও নূর হোসেন। এই অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ওই তিন পরিচালক উচ্চ আদালতে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে সম্প্রতি আদালত এ বিষয়ে রায় দেন।