উচ্চ আদালতের রায় সংগ্রহ না করায় আয়কর ফাঁকি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি রায়ের অনুলিপি ১৪ বছর ধরে সংগ্রহ করা হয়নি। আর তাই সরকারি কোষাগারে দুই কোটি ৭১ লাখ টাকার অগ্রিম আয়কর (এআইটি) জমা পড়েনি। জানা গেছে, ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এতো বছরেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস বা খাদ্য অধিদপ্তর—কেউই রায়ের অনুলিপি সংগ্রহ করে অর্থ আদায়ের উদ্যোগ নেয়নি। সম্প্রতি খাদ্য অধিদপ্তর উচ্চ আদালত থেকে রায়ের সত্যায়িত অনুলিপি তুলে টাকা উদ্ধারের পদক্ষেপ নিয়েছে। খাদ্য অধিদপ্তর থেকে খাদ্য মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের কাছে পাঠানো চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। ব্যাংকের সাধারণ হিসাবে ছয় বছরে দ্বিগুণ হওয়ার বিবেচনায় ওই টাকা বর্তমানে আট কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার কথা। কিন্তু খাদ্য অধিদপ্তর মূল টাকা চেয়েই চিঠি পাঠিয়েছে। মূল ঘটনা: জানা গেছে, নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ভারত-পাকিস্তান থেকে চাল আমদানি করে খাদ্য অধিদপ্তরে তা সরবরাহ করতেন আবদুল্লাহ আল মামুন। তিনি বর্তমানে আবাসন খাতের কোম্পানি এবি হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ১৯৯৪ সালে ৫০ হাজার টন আতপ ও ১৯৯৫ সালে ১০ হাজার টন সেদ্ধ চাল সরবরাহের জন্য খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি করে ‘সম্প্রীতি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু আমদানি ও সরবরাহ পর্যায়ে ৩ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও মামুন তা ফাঁকি দেন। ‘ইন্ডিজেনাস হিলম্যান অ্যাক্ট’-এর আওতায় পাহাড়ি অঞ্চলের অধিবাসী ব্যবসায়ীদের এআইটি দিতে হয় না। জানা গেছে, এই সুযোগটিই নেওয়ার জন্য সম্প্রীতি চাকমা নামের একজন আদিবাসীকে নিজের আরেকটি প্রতিষ্ঠান আবদুল্লাহ ব্রাদার্সে চাকরি দেন মামুন। এর পরেই খাগড়াছড়ি জেলা থেকে সম্প্রীতি চাকমার নামে ‘সম্প্রীতি এন্টারপ্রাইজ’ নামে একটি ট্রেড লাইসেন্স করিয়ে নেন। তবে প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের বিষয়ে সম্প্রীতি চাকমার কাছ থেকে তার আগেই আমমোক্তারনামা নিয়ে নেন তিনি। এআইটি না দেওয়ায় ৬০ লাখ টন চালই আটকে দিয়েছিল চট্টগ্রাম ও যশোর কাস্টমস। কিন্তু সম্প্রীতি চাকমার নামে ট্রেড লাইসেন্স—এই অজুহাতে এআইটি দেননি মামুন। তবে কাস্টমসের মত ছিল, ব্যবসাটি পার্বত্য জেলার বাইরে হওয়ায় এআইটি দিতে হবে। এই অবস্থায় ১৯৯৫ সালে হাইকোর্টে দুটি (২০৭/৯৫, ৮০৯/৯৫) রিট আবেদন করেন মামুন। কয়েক দফা শুনানির পর ১৯৯৮ সালের ৩ আগস্ট অন্তর্বর্তীকালীন এক আদেশে হাইকোর্ট জানান, খাদ্য অধিদপ্তর বরাবর এক কোটি ৮৪ লাখ টাকা, চট্টগ্রাম কাস্টমস বরাবর ৭০ লাখ ২৫ হাজার টাকা এবং যশোর কাস্টমস বরাবর ১৬ লাখ টাকা অর্থাৎ দুই কোটি ৭১ লাখ টাকার ব্যাংক গ্যারান্টির মাধ্যমে পণ্য ছাড় করা যাবে। তবে পূর্ণাঙ্গ রায়ে যদি এআইটি প্রযোজ্য হয়, তা পরিশোধযোগ্য হবে। মামুনের পক্ষে তাঁর নামে থাকা এফডিআরের বিপরীতে তখন গ্যারান্টি দেয় জনতা ব্যাংকের সিডিএ অ্যাভিনিউ শাখা। এ রায়ের বিরুদ্ধে আপিল (১১৪৫/৯৮ ও ১১৪৬/৯৮) করেন মামুন। ১৯৯৯ সালের ১২ আগস্ট চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এআইটি প্রযোজ্য ঘোষণা দিয়ে মামুনের আপিল আবেদন খারিজ করে দেন। কিন্তু এই রায় ঘোষণার পর এনবিআর, কাস্টমস বা খাদ্য বিভাগ কেউই টাকা আদায়ে কোনো পদক্ষেপ নেয়নি।বক্তব্য: আবদুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি। তাঁর ম্যানেজার আবদুল্লাহ আল নোমান বলেন, ‘স্যার, অচেনা কারও ফোন ধরেন না।’ খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খান পুরোপুরি অবগত না থাকায় পরিচালক (ক্রয়) বদরুল হাসানের সঙ্গে এ বিষয়ে কথা বলার পরামর্শ দেন। বদরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘রায়ের কপি এত বছর গোপন থাকায় আমরাও বিস্মিত। তবে এখন টাকা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।’ এফডিআরের বিপরীতে গ্যারান্টি দেওয়ার সময় জনতা ব্যাংকের আগ্রাবাদ সিডিএ শাখার ব্যবস্থাপক ছিলেন আবদুল জব্বার চৌধুরী। বর্তমানে তিনি শাহজালাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)। যোগাযোগ করলে প্রথম আলোকে আবদুল জব্বার চৌধুরী বলেন, ‘আদালতের রায় ও ব্যাংক কোম্পানি অনুযায়ী আবদুল্লাহ আল মামুন সুদাসলে সরকারকে টাকা পরিশোধ করতে বাধ্য। সরকার কেন আদায় করতে পারছে না, সেটিই রহস্যজনক।’