উচ্চ ঘাটতি অর্থায়ন বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ ৪৫ হাজার ২০৪ কোটি যা গত বছরের মোট ঘাটতি বাজেটের তুলনায় ২৯ দশমিক ৩১ শতাংশ বেশি। এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৫ শতাংশ।ঘাটতি অর্থায়নের এই অব্যাহত বৃদ্ধি দেশকে বৈদেশিক সাহায্য এবং দেশি-বিদেশি ঋণের ওপর অধিক নির্ভরশীল করে তুলছে। এর ফলে আগামী অর্থবছরে দেশের সার্বিক বিনিয়োগের ঋণাত্মক প্রভাব পড়তে পারে, দেশীয় মুদ্রা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে।বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ ২০১১-১২ অর্থবছরের বাজেটের যে দ্রুত পর্যালোচনা প্রকাশ করেছে, তাতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। সংবাদপত্রে পাঠানো পর্যালোচনায় সংস্থাটি আরও বলছে, আগামী অর্থবছর সরকার মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে শুধু সংকোচনমূলক মুদ্রানীতিই গ্রহণ করেছে। সরকার যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় না ঘটায় এবং দেশের সার্বিক উৎপাদন না বাড়ায় তবে আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে হতে পারে।উন্নয়ন অন্বেষণ আরও বলেছে, মূল্যস্ফীতি প্রশমণ করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশনা অনুযায়ী সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে যা দেশের জোগানভিত্তিক মূল্যস্ফীতিকে কমানোর পরিবর্তে বরং বাড়িয়েই চলেছে। ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৭.৩১ শতাংশ, যা ২০১০-১১ অর্থবছরে ৮ শতাংশ ছাড়িয়ে গেছে। দেশের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের আনতে মুদ্রানীতির পাশাপাশি দেশের সরকারি বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে মোট উৎপাদনকে বাড়াতে হবে।উন্নয়ন অন্বেষণ আরও বলছে, ২০১১-১২ সালের বাজেট ঘোষিত হয়েছে ঠিক বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদের মধ্যবর্তী সময়ে যখন সরকারের জন্য সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা, সংকোচনমূলক মুদ্রানীতি এবং অর্থের জোগানের অভাবে ভারসাম্যতা রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ।