উচ্চ প্রবৃদ্ধির জন্য বড় বিদেশি বিনিয়োগ চাই
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে চায়। তবে এক দশক ধরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হার ৬ শতাংশের কিছু ওপরে থাকলেও এর বেশি যেতে পারেনি। অথচ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে প্রবৃদ্ধি ৮ শতাংশের বেশি হওয়া দরকার। আর এই উচ্চ প্রবৃদ্ধির জন্য প্রয়োজন বড় ধরনের বিদেশি বিনিয়োগ।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) এই অভিমত প্রকাশ করেছে। সংগঠনটির সর্বশেষ ত্রৈমাসিক বুলেটিনের সম্পাদকীয়তে এ বিষয়ে আলোকপাত করা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রবৃদ্ধির ইতিবাচক নির্দেশনার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পরিবহন এবং টেলিযোগাযোগ সেবাসহ উন্নত অবকাঠামোর চাহিদা সৃষ্টি হয়েছে। এই সবকিছুর জন্য বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন, প্রয়োজন বিদেশি বিনিয়োগ।
যোগাযোগ করা হলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাবেক সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ প্রথম আলোকে বলেন, অবকাঠামো ও পর্যটন খাতে প্রচুর বিদেশি বিনিয়োগ আসার সুযোগ আছে। এ ছাড়া হালকা প্রকৌশলের মতো শ্রমঘন শিল্পেও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। তবে অবকাঠামোগত বাধা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
সৈয়দ এরশাদ আরও বলেন, একদিকে জ্বালানির অপ্রতুলতা, অন্যদিকে রয়েছে একত্রে যাবতীয় সুবিধার অভাব। যেমন ফরিদপুরে অনেক জমি রয়েছে শিল্পকারখানা গড়ার জন্য। কিন্তু সেখানে গ্যাস-সংযোগ না থাকায় বিনিয়োগ হচ্ছে না।
আইসিসিবি বলছে, কয়েক বছর ধরে দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বেড়েছে। ২০১৩ সালে বৈদেশিক বিনিয়োগ এসেছিল ১৭৩ কোটি ডলার, যা আগের বছরের ১১৯ কোটি ডলারের তুলনায় ৪৫ শতাংশ বেশি।
আইসিসিবি আরও বলেছে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ২০১৩ সালে ছিল জিডিপির ১ দশমিক ২ শতাংশ, যা ২০১২ সালে ছিল ১ দশমিক ৩ শতাংশ। এই হার লাওসে ২ দশমিক ৭ শতাংশ, কম্বোডিয়ায় ৪ দশমিক ৪ শতাংশ এবং ভিয়েতনামে ৫ দশমিক ২ শতাংশ। আইসিসিবি মনে করে, যেহেতু বাংলাদেশে তৈরি পোশাক এবং জুতা প্রস্তুতকারক শিল্পসমূহে প্রতিযোগিতামূলক শ্রমিক রয়েছে এবং বাংলাদেশ চীন ও ভারতের মতো দুটো বড় অর্থনীতির মাঝে সুবিধাজনক ভৌগোলিক অবস্থানে রয়েছে, তাই বড় আকারের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশের যথেষ্ট সুযোগ আছে।
আইসিসিবি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগসংক্রান্ত প্রয়োজনীয় যাবতীয় সেবাসমূহকে একীভূত করার ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে বিনিয়োগ বোর্ডে প্রকৃত অর্থেই ওয়ান-স্টপ বা এককেন্দ্রিক সেবা দেওয়া যায়। কেননা, বর্তমানে বিদেশি বিনিয়োগসংক্রান্ত যেকোনো প্রকল্প অনুমোদনের জন্য অনেক ঝামেলায় পড়তে হয়। বিনিয়োগকারীদের বিনিয়োগের লাইসেন্স প্রাপ্তি অথবা অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে যেতে হয়।
আইসিসিবি আরও মনে করে, বিনিয়োগসংক্রান্ত সর্বোচ্চ সংস্থা হিসেবে বিনিয়োগ বোর্ডের উচিত বিনিয়োগ আকর্ষণের জন্য একটি সহজ বিনিয়োগ নীতিমালা তৈরি করা।