উচ্চ প্রবৃদ্ধির জন্য সময়মতো এডিপি বাস্তবায়ন জরুরি
বাংলাদেশের অর্থনীতিতে উচ্চহারে প্রবৃদ্ধি অর্জন করার জন্য সময়মতো বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন করা জরুরি বলে মনে করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)।সংগঠনটির ত্রৈমাসিক সাময়িকীর সম্পাদকীয়তে এই অভিমত প্রকাশ করা হয়েছে। গতকাল সাময়িকীটি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১০-১১ অর্থবছরে এডিপির জন্য কৃষি খাতে ২১ দশমিক ২ শতাংশ, বিদ্যুৎ খাতে ১৫ দশমিক ৭৮ শতাংশ, যোগাযোগ খাতে ১৫ শতাংশ এবং মানব উন্নয়ন খাতে ২৪ দশমিক ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। আইসিসিবি মনে করে, সরকারের উন্নয়ন অগ্রাধিকার সঠিক দিকেই নির্দেশিত হয়েছে। কিন্তু সবকিছুই নির্ভর করছে কী পরিমাণ সম্পদের প্রাপ্যতা আছে এবং এডিপির কত শতাংশ বাস্তবায়িত হয় তার ওপর।বিগত তিনটি অর্থবছরে যেখানে এডিপির গড় বাস্তবায়ন হার ছিল মাত্র ৬১ শতাংশ, সেখানে শতভাগ এডিপির বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছে আইসিসিবি। তবে এডিপি বাস্তবায়নে জোর না দিলে জ্বালানি-বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থমকে পড়বে বলে মনে করে আইসিসিবি।সাময়িকীর সম্পাদকীয়তে বলা হয়েছে, জ্বালানি খাতের জন্য যে পথ-নকশা করা হয়েছে, তা বাস্তবায়নে হাজার কোটি ডলার ও কয়েক বছর সময় লাগবে। আমদানি করা কয়লায় খুলনা ও চট্টগ্রামে ১৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতেও শঙ্কা প্রকাশ করেছে আইসিসিবি। সময়সাশ্রয়ী না হওয়া এবং দেশে আমদানি করা কয়লা সংরক্ষণের সুবিধা না থাকাই এর কারণ।আইসিসিবি বরং দ্রুত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দিকে জোর দেওয়ার আহ্বান জানিয়েছে। আইসিসিবির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তাঘাট, পদ্মা সেতু, ঢাকার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেলওয়ে সংস্কার, নদ-নদীর পানির নাব্যতা বৃদ্ধি, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের ধারণক্ষমতা বাড়ানোর মতো পদক্ষেপগুলো খুবই জরুরি। বর্ধিতকরণ টেকসই প্রবৃদ্ধির জন্য খুবই জরুরি। নদীমাতৃক বাংলাদেশে নৌপথে যাতায়াত উন্নত করার সুযোগ কাজে লাগিয়ে ঢাকাসহ সারা দেশের স্থলপথের যানজট কমানো সম্ভব বলেও আইসিবি মনে করে। আইসিসিবির প্রকাশনায় আরও বলা হয়েছে, বিদ্যুৎ ঘাটতির জন্য বছরে এক হাজার ৬০০ কোটি ডলারের ক্ষতি হয় বলে বিশেষজ্ঞদের গবেষণায় প্রকাশ পেয়েছে। এর সঙ্গে যানজটজনিত ক্ষতিকে এর সঙ্গে যুক্ত করলে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে। আইসিসিবির মতে, সময় যেহেতু দ্রুত পার হয়ে যাচ্ছে, তাই বেশি কাজ ও কম কথা বলার মাধ্যমে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে যথোপযুক্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি।