উচ্চ মধ্যম আয়ের দেশ হতে অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটি আয়োজিত দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে গতকাল রাজধানীতে সাউথইস্ট ইউনিভার্সিটি আয়োজিত দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন

বাংলাদেশের উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খুবই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গতকাল শনিবার সাউথইস্ট ইউনিভার্সিটি আয়োজিত দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গভর্নর বলেন, ‘বৈশ্বিক অর্থনীতির সংকট আমাদের সুনির্দিষ্টভাবে মনে করিয়ে দিয়েছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দুটি চালিকাশক্তি প্রয়োজন—রপ্তানি খাত ও অভ্যন্তরীণ চাহিদা। সৌভাগ্যবশত আমরা অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দিয়ে এ দুটি খাত নিয়ে কাজ করে চলেছি।’
‘বাংলাদেশে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এমএসএমই) উন্নয়ন: এশীয় অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এই সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং ব্যাংক ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীরা অংশ নিচ্ছেন।
আতিউর রহমান বলেন, টেকসই উন্নয়নেরও অন্যতম চালিকাশক্তি হলো এমএসএমই। বাংলাদেশে বিতরণ করা মোট ঋণের ২৪ শতাংশই দেওয়া হয়েছে এ খাতে। আর মোট শ্রমশক্তির ২৫ শতাংশই এ খাতে নিয়োজিত। বর্তমানে এমএসএমই খাত থেকে আসে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩২ শতাংশ ও কর্মসংস্থানের ৪০ শতাংশ। এ ছাড়া শিল্প খাতের মোট কর্মসংস্থানের ৮০ শতাংশই হলো এ খাতের।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘আমাদের একটি বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, যাদের জন্য ভালো ও অধিকসংখ্যক চাকরি বা কাজের প্রয়োজন। সে জন্য আমরা ইতিমধ্যে আমাদের আর্থিক ব্যবস্থায় কৃষি, এমএসএমই, নারী উদ্যোক্তা তৈরি ও পরিবেশবান্ধব অর্থায়নে জোর দিয়েছি। এসব উদ্যোগের ফলে কর্মসংস্থান ও অভ্যন্তরীণ চাহিদা তৈরি হয়েছে।’
আতিউর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এমএসএমই খাতে আইনগত ও আর্থিক সহায়তা প্রদানে যথাসম্ভব চেষ্টা করেছে।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরডাপের মহাপরিচালক (ডিজি) ড. চেচেপ এফেন্দি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ডিজি ড. তৌফিক আহমেদ চৌধুরী, আইএনএমের নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরী। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান মো. রেজাউল করিম, সম্মেলনের পরিচালক অধ্যাপক এম এ হাকিম ও সহপরিচালক সুকোমল সিনহা চৌধুরী।