উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষিত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই প্রবৃদ্ধি অর্জন ও উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা বিবেচনায় রেখেই বাংলাদেশ ব্যাংক চলতি ২০০৯-১০ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিক (জানুয়ারি—জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন।মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর বলেন, খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করা গেলে মূল্য পরিস্থিতির ক্ষতিকর প্রভাবকে ঠেকিয়ে দেওয়া যাবে। আর উত্পাদন খাতে ঋণের জোগান দিয়ে অপ্রয়োজনীয় ভোক্তাপণ্যে অর্থায়ন আটকাতে পারলে প্রবৃদ্ধিও অর্জন করা যাবে। একই সঙ্গে তা মূল্যস্ফীতির সাম্প্রতিক প্রবণতাকে টেনে ধরতে সহায়তা করবে। এবার মুদ্রানীতি প্রণয়নে প্রথমবারের মতো দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ জনগোষ্ঠী থেকে শুরু করে সরকার, বিভিন্ন পেশাজীবী ও বুদ্ধিজীবীসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা ও জিয়াউল হাসান সিদ্দিকী, গভর্নরের সিনিয়র পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসাই তাঁদের মুদ্রানীতির প্রধান লক্ষ্য। তিনি বলেন, ২৫ শতাংশের মতো মানুষ এখনো ব্যাংকিং সেবার বাইরে রয়েছে, তাদের এই সেবার আওতায় আনাই আমাদের লক্ষ্য।নতুন মুদ্রানীতিতে দেশের সার্বিক মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতাকে স্বীকার করা হয়েছে। গভর্নর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন, ‘মাসভিত্তিক মূল্যস্ফীতির হার বা পয়েন্ট টু পয়েন্ট ভোক্তা মূল্যস্ফীতিতে ওঠানামাসহ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষণীয়। আন্তর্জাতিক বাজারে খাদ্য ও খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যে তেজিভাবের কারণে ফসল কাটা মৌসুমেও অভ্যন্তরীণ বাজারে খাদ্যশস্যের উচ্চমূল্য বিরাজমান। এসব গতিধারা থেকে প্রতীয়মান হয় যে চলতি অর্থবছরের অবশিষ্ট মাসগুলোতে পয়েন্ট টু পয়েন্ট ভোক্তা মূল্যস্ফীতিতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে। অন্যদিকে বার্ষিক গড় মূল্যস্ফীতিও অর্থবছরের শেষ দিকে কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে।’এসব সত্ত্বেও চলতি অর্থবছর শেষে (জুন ২০১০) এ হার ইতিপূর্বে মুদ্রানীতিতে ঘোষিত সাড়ে ছয় শতাংশের মধ্যে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।আতিউর রহমান বলেন, ‘অভ্যন্তরীণ বাজারে খাদ্যশস্যের উচ্চমূল্যের কারণে অবশ্য কৃষকেরা উপকৃত হচ্ছেন। তাঁদের প্রণোদনা বাড়ছে। আগামী বোরো মৌসুমে অধিক ফসল ফলাতে তাঁরা উত্সাহিত হবেন।’অর্থবছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণায় কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি খাতের জন্য বার্ষিক ঋণ প্রবৃদ্ধির হার প্রক্ষেপণ করেছিল ১৬ দশমিক ৭০ শতাংশ। গত নভেম্বরের হিসাবে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৭৩ শতাংশে গিয়ে ঠেকেছে। এ পরিস্থিতিতে নতুন করে বেসরকারি খাতের ঋণের জোগান টেনে ধরা হবে কি না প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাড়লেও ব্যাংক-ব্যবস্থায় সরকারের ঋণ কমেছে। ফলে বেসরকারি খাতে আরও একটু ঋণ বাড়লে এবং সরকারের ঋণ কম থাকলে সার্বিক ঋণপ্রবাহ প্রক্ষেপণ অনুসারে ঠিক থাকলে কোনো সমস্যা নেই। এতে বরং বিনিয়োগ বৃদ্ধি হবে।’আতিউর রহমান বলেন, বাড়তি মূল্যস্ফীতির চাপের বিষয়টি আমলে নিয়ে রপ্তানি প্রবৃদ্ধি ও নতুন বিনিয়োগে গতি আনতে অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রবৃদ্ধি-সহায়ক মুদ্রানীতি ভঙ্গি দ্বিতীয়ার্ধেও অব্যাহত রাখা হবে। কৃষি ও এসএমই খাতগুলোতে পর্যাপ্ত অর্থায়নসহ আর্থিক খাতের সেবার আওতায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ঋণনীতি সক্রিয় রাখা হবে। এক প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, বিনিয়োগ বাড়ানোর জন্য যত রকম সহযোগিতা দরকার, বাংলাদেশ ব্যাংক তা করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গে গভর্নর বলেন, চলতি অর্থবছরের প্রথমার্ধে ঘোষিত মুদ্রানীতিতে সামগ্রিকভাবে ২০০৯-১০ অর্থবছরে প্রকৃত মোট দেশজ উত্পাদনে (জিডিপি) প্রবৃদ্ধির সম্ভাবনা সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ প্রক্ষেপণ করা হয়েছিল। চলতি মেয়াদের মুদ্রানীতিতেও তা একই থাকছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন আরও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা উজ্জ্বল করবে বলে তিনি মত দেন।গভর্নর আরও বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কোনো অর্থায়নের সংকট হবে না। তাঁর ভাষায়, ঋণপ্রাপ্তিই বড় কথা, সুদের হার নয়। আরেক প্রশ্নের জবাবে আল্লাহ মালিক কাজেমী বলেন, ‘বাইরে থেকে আসা রেমিট্যান্সের একটি অংশ আবাসন খাতে ঢোকার কারণে তা সম্পত্তির মূল্য বাড়াচ্ছে। রেমিট্যান্সের অর্থ পুঁজিবাজারেও ঢুকছে। সম্পত্তির মূল্য স্ফীত হওয়ার আশঙ্কার জায়গাটি সেখানেই।জিয়াউল হাসান সিদ্দিকী জানান, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে আমদানি ঋণপত্র (এলসি) খোলায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৩ শতাংশ আর মূলধনী যন্ত্রপাতির ঋণপত্রে ২৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ প্রবণতা থেকে বোঝা যায়, বিনিয়োগের গতি বৃদ্ধি হচ্ছে।