উচ্চ শুল্কহারের জন্য রিকন্ডিশন্ড গাড়ি আমদানি আরও কমবে
নতুন করে সম্পূরক শুল্কস্তরের পুনর্বিন্যাসের কারণে রিকন্ডিশন্ড গাড়ির (একবার ব্যবহূত) দাম আরেক দফা বাড়বে। এর প্রভাবে এ ধরনের গাড়ি আমদানি কমে যেতে পারে।একাধিক ব্যবসায়ী বলছেন, সিলিন্ডার ক্যাপাসিটি ভেদে (সিসি) পুরোনো গাড়ি আমদানিতে ১২৯ থেকে শুরু করে সর্বোচ্চ ৮৩০ শতাংশ শুল্ক দিতে হয়। পৃথিবীর কোনো দেশে পুরোনো গাড়ি আমদানিতে এমন উচ্চ শুল্ক নেওয়ার নজির নেই। ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আবারও শুল্কস্তর পুনর্বিন্যাস করায় কম সিসির গাড়ির দাম আরেক দফা বাড়বে। ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে পাঁচ বছরের পুরোনো ১৫০০ সিসির একটি গাড়ি আমদানিতে সাড়ে ১৪ লাখ টাকা শুল্ক দিতে হয়। অন্যদিকে একই সিসিযুক্ত নতুন একটি গাড়ি আমদানিতে শুল্ক দিতে হয় মাত্র নয় লাখ টাকা। চালানপত্রে মূল্য কম দেখিয়ে অসাধু ব্যবসায়ীরা এটি সম্ভব করছেন। তাঁরা আরও বলছেন, নতুনের চেয়ে পুরোনো গাড়ির শুল্কহার বেশি হওয়ায় বাজারে বৈষম্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) তথ্যানুযায়ী, চলতি অর্থবছর এখন পর্যন্ত ১২ হাজার ৪০৬টি পুরোনো গাড়ি আমদানি হয়েছে, যা আগের বছরের চেয়ে সাত হাজার ৪১৭টি কম। যদিও ২০০৯-১০ ও ২০০৮-০৯ অর্থবছরে পুরোনো গাড়ি আমদানি হয়েছে যথাক্রমে ৩২ হাজার ২২৫ ও ৩৩ হাজার ১৭৮টি। আবার চলতি বছর আমদানি করা পুরোনো গাড়ি থেকে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৪৭০ কোটি টাকা। গত অর্থবছর এই আয়ের পরিমাণ ছিল এক হাজার ৬০০ কোটি টাকা। অথচ, ২০০৯-১০ ও ২০০৮-০৯ অর্থবছরে রাজস্ব আদায় হয় যথাক্রমে তিন হাজার ৭৬ কোটি ও দুই হাজার ৬৬১ কোটি টাকা। বারভিডার একাধিক নেতা অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দেশের বিশেষ কয়েকটি প্রতিষ্ঠানের গাড়ি আমদানির অবাধ সুযোগ তৈরি করতেই একটি প্রভাবশালী মহল সরকারকে ভুল তথ্য দিয়ে পুরোনো গাড়ি আমদানিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।বাজেটের আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে নতুন ও পুরোনো উভয় ধরনের গাড়ি আমদানিকারকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানায় বারভিডা। এ জন্য সমিতি অবচয় মূল্য ৬০ শতাংশ বাদ দিয়ে পুরোনো গাড়ির মূল্য নির্ধারণ করার এবং সম্পূরক শুল্কহার কমানোর দাবি জানানো হয়। যেমন বারভিডার দাবি ছিল সম্পূরক শুল্ক কিছুটা কমিয়ে ১০০০ সিসি পর্যন্ত ৩০ এবং ১০০১ থেকে ১৮০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ নির্ধারণ। কিন্তু বাজেটে ১৫০০ সিসি পর্যন্ত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক নির্ধারণ করা হয়েছে। বারভিডার এক সদস্য বলেন, এবারের বাজেটে নতুন ও পুরোনো হাইব্রিড গাড়ি (গ্রিন কার) আমদানিতে নতুন করে বৈষম্য তৈরি করা হয়েছে। নতুন হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে ৬০ শতাংশ আর পুরোনো গাড়ির ক্ষেত্রে দিতে হবে ৪৪৫ শতাংশ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবার বাজেট বক্তৃতায় বলেছেন, একই উৎস দেশ থেকে তৈরি একই ব্র্যান্ড, মডেল এবং সিসির নতুন গাড়ির শুল্ক পুরোনো গাড়ির চেয়ে কোনোভাবেই কম হতে পারবে না। বিষয়টি উল্লেখ করে বারভিডার সাবেক সভাপতি মো. হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, এখন দেখার বিষয়, অর্থমন্ত্রীর এই ঘোষণার বিষয়ে এনবিআর ও শুল্ক কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়। কারণ, সব ধরনের গাড়ির ক্ষেত্রেই নতুনের চেয়ে পুরোনো গাড়ি আমদানিতে বেশি শুল্ক দিতে হচ্ছে।