দেশীয় শিল্পকে দীর্ঘ সময় ধরে উচ্চ হারে সুরক্ষা দেওয়া হলেও অনেক খাত তেমন এগোতে পারেনি। বরং আমদানিতে চড়া শুল্কের কারণে ভোক্তাদের উচ্চমূল্যে পণ্য কিনতে হচ্ছে। এ ধরনের সুরক্ষা কতকাল দেওয়া হবে, তার একটি মধ্যমেয়াদি কাঠামো থাকা উচিত।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘রপ্তানি আয় বাড়াতে বাণিজ্য ও মুদ্রার বিনিময় হারসংক্রান্ত নীতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর বনানীতে পিআরআইয়ের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে মোটা দাগে তিনটি পরামর্শ আসে। প্রথমত, রপ্তানিকে উৎসাহ দেওয়ার জন্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বা টাকার মান কমানো। দ্বিতীয়ত, আমদানিতে উচ্চ শুল্ক হার কমানো, যাতে ক্রেতারা কম দামে পণ্য কিনতে পারে এবং দেশীয় বাজারনির্ভর খাতের বদলে রপ্তানিতে বিনিয়োগে মনোযোগ বাড়ে। তৃতীয়ত, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পোশাক খাতের মতো বন্ডেড ওয়্যারহাউস বিভিন্ন সুবিধা চামড়াসহ অন্যান্য খাতকে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনাময় খাত হিসেবে কয়েকটি শিল্পকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে আগামী অর্থবছর থেকে নগদ সহায়তা দেওয়া হবে। তোফায়েল আহমেদ আগামী বাজেটে দেশের রপ্তানি খাতের উৎসে আয়করের হার বাড়বে বলে উল্লেখ করেন। এখনকার উৎসে করের হার শূন্য দশমিক ৭ শতাংশ।
অনুষ্ঠানের শুরুর দিকে বাণিজ্যনীতি ও বিনিময় হার নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন পিআরআইয়ের ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। তিনি সাম্প্রতিক রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে ডলারের বিপরীতে টাকার প্রকৃত মান ৩৪ শতাংশ বেড়েছে। ভারতীয় মুদ্রা রুপির বিপরীতে ছয় বছরে টাকা শক্তিশালী হয়েছে ২৫ শতাংশ এবং আট বছরে ইউরোর বিপরীতে টাকার মান এগিয়েছে ৪৭ শতাংশ। তিনি বলেন, প্রতিযোগী দেশে তাদের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে। বিপরীতে টাকার এ মান বৃদ্ধি রপ্তানি খাতের ওপরে একধরনের করারোপ।
দেশের পাদুকা ২৭৩ শতাংশ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ১৮৭ শতাংশ, হালকা প্রকৌশল শিল্প ২২০ শতাংশ, সিরামিক ২১৫ শতাংশ ও প্লাস্টিক পণ্য ২৬০ শতাংশ কার্যকরী হারে (ইফেকটিভ রেট অব প্রটেকশন) সুরক্ষা পায় উল্লেখ করে সাদিক আহমেদ বলেন, ‘২৫ শতাংশ শুল্ক আরোপ করলে একটি খাত ৩৫ শতাংশ সুরক্ষা পায়। আমরা আসলে কখনো ভোক্তাদের কথা চিন্তা করি না।’
মূল প্রবন্ধের ওপর নির্ধারিত আলোচক হিসেবে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, দেশীয় শিল্পকে দীর্ঘদিন ধরে উচ্চ হারে সুরক্ষা দেওয়া হয়েছে। কিন্তু এ সুবিধা পেয়ে শিল্প খাত তেমন এগোতে পারেনি। এর মূল্য দিতে হয়েছে ভোক্তাদের।
এ সময় বাণিজ্যমন্ত্রী জানতে চান দেশীয় শিল্পকে সুরক্ষার ক্ষেত্রে পরামর্শ কী। জবাবে সাদিক আহমেদ ও পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, টাকার মান কমালেও দেশীয় শিল্প সুরক্ষা পাবে।
টাকার মান কমালে দেশে পণ্যের দাম বেড়ে গিয়ে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। তিনি বলেন, সবকিছু দেখেই বাংলাদেশ ব্যাংককে কাজ করতে হয়।
এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির রপ্তানিতে বৈচিত্র্য আনতে অন্যান্য খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। একই কথা বলেন পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার।
বিশেষ অতিথি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম বলেন, যেকোনো খাতকে এগিয়ে নিতে সমন্বিত নীতি সহায়তা দিতে হবে। পোশাক খাতকে সমন্বিত নীতি সহায়তা না দেওয়া হলে সেটা আজকের অবস্থানে আসত না।
অনুষ্ঠানে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবরার এ আনোয়ার, লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।