উচ্চবিত্তদের জন্য প্রাইম ব্যাংকের ওয়ার্ল্ড মাস্টারকার্ড
সমাজের উচ্চবিত্তদের জন্য মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট কার্ড বাজারে এনেছে বেসরকারি প্রাইম ব্যাংক। ব্যবসায়ী ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের জন্যই মূলত এ ক্রেডিট কার্ড বাজারে আনা হয়েছে। গত সোমবার ওয়ার্ল্ড মাস্টারকার্ড নামের নতুন এ পণ্যের উদ্বোধন করা হয়।
প্রাইম ব্যাংক জানিয়েছে, গ্রাহকের ধরন ও সামর্থ্য বিবেচনায় বিশ্বজুড়ে মাস্টারকার্ড ব্র্যান্ডের ক্রেডিট কার্ডের চারটি শ্রেণি রয়েছে। এগুলো হলো ক্ল্যাসিক, গোল্ড, প্লাটিনাম ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড। ওয়ার্ল্ড মাস্টারকার্ড শ্রেণির ক্রেডিট কার্ড মূলত উচ্চবিত্তদের জন্য। এত দিন বাংলাদেশে মাস্টারকার্ডের এ শ্রেণির কোনো ক্রেডিট কার্ড ছিল না। প্রথমবারের মতো প্রাইম ব্যাংকই তা বাজারে এনেছে।
রাজধানীর দিলকুশার একটি হোটেলে গত সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক তবারক হোসেন ভূঁইয়া, কার্ড বিভাগের প্রধান আমির হোসেন মজুমদার, মাস্টারকার্ডের বাংলাদেশ প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল।
প্রাইম ব্যাংক জানিয়েছে, নতুন এ ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিশ্বের ৮৫০টির বেশি বিমানবন্দরে বিনা মূল্যে লাউঞ্জ ব্যবহারসহ উন্নত মানের নানা সুবিধা পাবেন।