উচ্ছেদ অভিযানের পরও সরকারি সম্পত্তি হল-মার্কের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারে এখনো ১১ একর সরকারি সম্পত্তি আলোচিত হল-মার্ক গ্রুপের দখলে রয়ে গেছে। এই সম্পত্তি উদ্ধারে মাস দেড়েক আগে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে কিছু স্থাপনা ভেঙে দিলেও আর কোনো অগ্রগতি নেই।উচ্ছেদ অভিযানের সময়ে হল-মার্ক কর্তৃপক্ষ ভেঙে দেওয়া বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার আশ্বাস দিলেও তারা তা করেনি। এদিকে বাকি স্থাপনাগুলো উচ্ছেদেও আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাভার উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হল-মার্ক কর্তৃপক্ষ ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে চার বছরে সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজায় ১১টি দাগে ৫ দশমিক ৮০ একর খাস ও শূন্য দশমিক ৫৮ একর অর্পিত সম্পত্তি এবং নন্দখালী মৌজায় ছয়টি দাগে ৩ দশমিক ১৮ একর খাস ও প্রায় এক একর অর্পিত সম্পত্তি দখল করে নেয়। এর মধ্যে ১ দশমিক ৬৫ একর জমির ওপর পাঁচটি বড় আকারের পাকা ও আধা পাকা স্থাপনা, দুটি পাকা শৌচাগার ও আনসারদের জন্য একটি ঘর নির্মাণ করে হল-মার্ক কর্তৃপক্ষ। বাকি জমি হল-মার্কের ভেতরে রাস্তাসহ নানা কাজে ব্যবহার করা হতো। জেলা প্রশাসন গত ২৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির প্রধান শিল্পপার্ক এলাকায় অভিযান চালিয়ে খাস ও অর্পিত সম্পত্তির ওপর নির্মিত হল-মার্কের কেন্দ্রীয় গুদাম ও স্টাইল নিটিং ইন্ডাস্ট্রিজের আধা পাকা দুটি ভবনসহ পাঁচটি স্থাপনা এবং প্রাচীর গুঁড়িয়ে দেয়। এ ছাড়া স্থাপনা নেই এমন নয় একর জমিও সরকারের হেফাজতে নেওয়া হয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, ভেঙে দেওয়া স্থাপনাগুলোর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। পরিদর্শনকালে হল-মার্কের দখলে থাকা সরকারি রাস্তার বিভিন্ন স্থানে আনসার সদস্যসহ সাদা পোশাকে যুবকদের টহল দিতে দেখা যায়। এ সময়ে তাদের বাধার মুখেও পড়তে হয় এই প্রতিবেদককে।নন্দখালী এলাকার প্লট মালিকদের সংগঠন ‘জনতা হাউজিং পরিবেশ রক্ষা ফোরাম’-এর সভাপতি অলিজা হাসান অভিযোগ করেন, জনতা হাউজিং কেম্পানির দুই হাজার একর জমিতে পাঁচ কাঠা পরিমাণের দুই হাজার ১৮৭টি প্লটের মধ্যে ১০০টিরও বেশি হল-মার্ক কর্তৃপক্ষ দখল করে নিয়েছে। এসব প্লট উদ্ধারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ছাড়া প্লটের মালিকদের হল-মার্কের ভেতরে থাকা সরকারি রাস্তা ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। কোনো কোনো রাস্তা বন্ধই করে দেওয়া হয়েছে।এসব বিষয়ে জানতে চাইলে সাভারের সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ প্রথম আলোকে বলেন, ‘এ রকম অভিযোগ আমরাও পেয়েছি। সরেজমিন তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণসহ আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।’