উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য জোরদার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি গত মঙ্গলবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মেডিক্সপো ২০১০ বাণিজ্য মেলার উদ্বোধনকালে এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।মেডিক্সপো ২০১০ বাণিজ্য মেলায় বাংলাদেশের ১০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার সেফালসপ্রিনস, ইবনে সিনা, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ফার্মাটেক লিমিটেড, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, হামদর্দ, জেনারেল ফার্মা ও জেসনের ১৩টি স্টল রয়েছে। নয়টি দেশের অংশগ্রহণে এ মেলা চলবে আজ বৃহস্পতিবার পর্যন্ত।এ মেলা উদ্বোধন করতে গিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গুরুদায়িত্ব নিয়ে তিনি তাসখন্দ সফরে এসেছেন। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সব সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক।’ বাসস।