উত্তর কোরিয়া রিজার্ভ চুরির সঙ্গে জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে উত্তর কোরিয়া জড়িত। সাইবার নিরাপত্তা-সংক্রান্ত প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গত সোমবার এ কথা বলেছে। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ক্যাসপারস্কির গবেষকেরা কিছু ডিজিটাল প্রমাণ পেয়েছেন, যা রিজার্ভ চুরির সঙ্গে উত্তর কোরিয়ার সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ তৈরি করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক বা নিউইয়র্ক ফেডে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়াভিত্তিক ক্যাসপারস্কি ল্যাজারাস নামের একটি সাইবার হ্যাকার গোষ্ঠী সম্পর্কে ৫৮ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই গোষ্ঠী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং ২০১৪ সালে সনি হলিউড স্টুডিওতে সাইবার আক্রমণ করার সঙ্গে সম্পৃক্ত ছিল।
ক্যাসপারস্কির প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাজারাস হ্যাকাররা উত্তর কোরিয়ার একটি আইপি অ্যাড্রেস বা আইপি ঠিকানা ব্যবহার করে সরাসরি ইউরোপের একটি সার্ভারের সঙ্গে সংযুক্ত ছিল। এই সাভারের মাধ্যমে হ্যাকাররা সবকিছু নিয়ন্ত্রণ করত।
ক্যাসপারস্কির গবেষক ভিটালি কামলুক রয়টার্সকে বলেন, ‘প্রতিবেদনে আমরা প্রথমবারের মতো দেখতে পেয়েছি যে ২০০৯ সাল থেকেই ল্যাজারাস ও উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগসূত্র আছে।’
ভিটালি কামলুক অবশ্য বলেছেন, এটা বলার সময় এখনো আসেনি যে পিয়ংইয়ং এ সাইবার আক্রমণের পেছনে আছে। এটা দৃশ্যমান হচ্ছে যে যেসব হ্যাকার এই কাজটি করেছেন, তাঁরা উত্তর কোরিয়া থেকে এসেছেন কিংবা উত্তর কোরিয়ার নাগরিকদের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল।
ক্যাসপারস্কির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ চুরির পরিকল্পনার অংশই হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি। হ্যাকারদের লক্ষ্য হলো ১৮টি দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়প্রতিষ্ঠান, ক্যাসিনো এবং ডিজিটাল কারেন্সি ব্যবসা।
এই সাইবার আক্রমণের সঙ্গে পিয়ংইয়ং জড়িত—গত মাসে এই সন্দেহ পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়েছে, এফবিআই বিশ্বাস করে, উত্তর কোরিয়া এই ঘটনার জন্য দায়ী। জাতীয় নিরাপত্তা সংস্থার (ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি) উপপরিচালক রিক লেগেট গত ১৫ মার্চ সাংবাদিকদের বলেন, বেসরকারি খাতের গবেষণা অনুসারে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে উত্তর কোরিয়ার সম্পৃক্ততা আছে। তিনি আরও বলেন, ‘এটা যদি সত্য হয়, তবে উত্তর কোরিয়া ব্যাংক ডাকাতি করেছে।’