উত্তর কোরিয়াকে সাজা দিতে চীন-মার্কিন সমঝোতা
পারমাণবিক পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক মহলকে যথেষ্ট ক্ষেপিয়ে তুলেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে যথাযথ ‘শিক্ষা’ দিতে দেশটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একমত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, দেশটির ওপর নতুন অবরোধ আরোপেও একমত হয়েছে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশ দুটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়াকে সাজা দিতে গতকাল সোমবার চুক্তিবদ্ধ হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপিত হওয়ার কথা রয়েছে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কী শর্তে চুক্তি হয়েছে, তা এখনো প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া গত ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর দেশটি আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে।উত্তর কোরিয়ার সরকার বলছে, ‘আত্মরক্ষার্থে’ এবং ‘যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকির মুখে’ পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছে।ভিয়েনা থেকে পারমাণবিক পরীক্ষার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে এমন একটি সংস্থা বলছে, উত্তর কোরিয়া এবার যে পারমাণবিক পরীক্ষাটি চালিয়েছে, তা ২০০৯ সালের তুলনায় বেশি ধ্বংসাত্মক কিন্তু বোমাটির আকার তুলনামূলকভাবে ছোট। উত্তর কোরিয়াও বলছে, তাঁরা বোমার একটি ‘ক্ষুদ্র সংস্করণের’ পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, পারমাণবিক ওয়্যারহেড তৈরি পথে অনেকখানি এগিয়ে গেছে উত্তর কোরিয়া।পারমাণবিক পরীক্ষা চালিয়ে চীনের ক্ষোভের মুখে পড়েছে উত্তর কোরিয়া। ওই অঞ্চলে চীন তার একমাত্র মিত্র। এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে চীন। তবে এবার চীন তার অবস্থান পাল্টেছে বলে ধারণা করা হচ্ছে।জাতিসংঘের এক কূটনীতিক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলাপ চলছে এবং তাদের খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটিও হবে। তবে মঙ্গলবারের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উত্তর কোরিয়া ইতিমধ্যে নানা অবরোধের মধ্য দিয়ে যাচ্ছে। এতে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক গবেষণা চালানোও নিষিদ্ধ দেশটির জন্য।