উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য দ্রুত বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য কিছু নীতি-পদক্ষেপ গ্রহণেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দ্রুত কয়েক গুণ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।
নীতি-পদক্ষেপগুলো হচ্ছে ত্রিপুরায় বিমান চলাচল চালু, উভয় দেশে পর্যাপ্ত শুল্ক স্টেশন স্থাপন, অবকাঠামো, ডাকব্যবস্থার উন্নয়ন ইত্যাদি।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ ব্যাপারে একমত পোষণ করে বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যের দরজা খোলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু বাধা রয়েই গেছে।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আয়োজিত ‘১৯৭১: বাংলাদেশ এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারত: স্মৃতিসত্তা ভবিষ্যৎ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের সমাপনী দিনে গতকাল রোববার এ কথা উঠে আসে। বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা আবদুল মাতলুব আহমাদের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন অর্থনীতিবিদ
আবুল বারকাত ও এম এম আকাশ।
‘অর্থনৈতিক সম্পর্ক: ব্যবসা ও বাণিজ্য’ পর্বে সম্মানিত অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘ভারত যে সুযোগ দিয়েছে, পণ্যের বহুমুখিনতা না থাকায় তা কাজে লাগাতে পারছি না আমরা।’ রক্ষণশীল মনোভাব এড়িয়ে তাই পারস্পরিক সংযোগ বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
ত্রিপুরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এল দেবনাথ বলেন, ত্রিপুরার ৮৬ শতাংশ অর্থাৎ ৩৫০ কোটি টাকার বাণিজ্য বাংলাদেশের সঙ্গে। এই বাণিজ্য কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, দেশভাগ হওয়ার আগে আগরতলা-কলকাতার দূরত্ব ছিল ৩৫০ কিলোমিটার, বর্তমানে এক হাজার ৬৫০ কিলোমিটার। অথচ ঢাকা থেকে আগরতলায় সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায়। প্রযুক্তির এই যুগে ঢাকা থেকে একটি চিঠি আগরতলায় যেতে ২৫ দিন লাগে বলে বিস্ময় প্রকাশ করেন তিনি।
ত্রিপুরায় বাংলাদেশের বিনিয়োগে একসময় বাধা থাকলেও ভারত সরকার তা তুলে নিয়েছে—এ তথ্য উল্লেখ করে এম এল দেবনাথ বলেন, ‘এখন বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশ থেকে টাকা নেওয়া যাবে না।’
আসাম চেম্বার অব কমার্সের রূপম গোস্বামী বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্যই ধর্মনিরপেক্ষ ভারত ও বাংলাদেশ চান তিনি।
জিএসপি প্রসঙ্গ: অনুষ্ঠানের একপর্যায়ে জিএসপি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) বন্ধ করে রেখেছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি নিয়ে আমরা হইচই করছি। অথচ জিএসপির আওতায় রপ্তানি মাত্র তিন কোটি ডলারের পণ্য।’
তোফায়েল আহমেদ আরও বলেন, জিএসপি এই মুহূর্তে নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবার সিদ্ধান্ত হলে আবার জিএসপি পাওয়া যাবে। জিএসপি ছাড়াই রপ্তানি বেড়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।