উত্তর-পূর্ব রাজ্যগুলোয় রপ্তানি বাড়াতে বিশেষ গুরুত্ব প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি ২০১১ সালের মধ্যে শতকোটি ডলারে উন্নীত করতে হবে। এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোকে। আর ২০১৩ সালের মধ্যে বাংলাদেশে ১০০টি ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগ উদ্যোগ স্থাপন করতে হবে। এ রকম উচ্চাভিলাষী লক্ষ্য সামনে রেখে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ বাণিজ্য মেলা এবং বাংলাদেশ-উত্তরপূর্ব ভারত বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। এর মূল আয়োজক ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।মেলা ও বিনিয়োগ সম্মেলন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আইবিসিসিআইয়ের সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্চয় প্রকাশ ও ট্রিউনের চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম। সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় বাংলাদেশি পণ্যের বড় বাজার আছে। তবে নানা প্রতিবন্ধকতায় এই বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশ করতে পারছে না। এর অন্যতম হলো বিভিন্ন রাজ্যের পৃথক শুল্কারোপ। বিনিয়োগ সম্মেলনে এসব রাজ্য থেকে আগত মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।আবদুল মাতলুব আহমাদ আরও বলেন, উত্তর-পূর্ব রাজ্যগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান যদি বাংলাদেশে এসে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করে, তাহলে তাদের জন্য বিরাট সুযোগ তৈরি হবে। আবদুল মাতলুব ব্যাখ্যা করে বলেন, এসব প্রতিষ্ঠান বাংলাদেশে প্রস্তুত করা পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে বিনাশুল্কে রপ্তানির সুযোগ পাবে। আবার তারা উত্তর-পূর্ব রাজ্যগুলোতেও রপ্তানি করতে পারবে।আইবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, এবারের মেলায় অংশগ্রহণকারীদের ৬০ শতাংশই বাংলাদেশি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলাদেশি পণ্য সম্পর্কে ভারতীয়দের ভালো ধারণা দেওয়া সম্ভব হবে। তারাও বিনিয়োগের খাত নির্বাচনে সহায়তা পাবে।এক প্রশ্নের জবাবে মাতলুব আহমাদ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিষয়ে ভারতের মনোভাব পরিবর্তন হয়েছে। তারা উপলব্ধি করছে, প্রতিবেশীকে বাদ দিয়ে নিজেদের উন্নতি ও প্রবৃদ্ধি বেশিদূর অগ্রসর হওয়া কঠিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই মেলা ও সম্মেলনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ ছাড়া উপস্থিত থাকবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডিডি লাপাং ও উপ-মুখ্যমন্ত্রী মুকুল সাঙ্গমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক লাল সরকার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র প্রমুখ। দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক দিনব্যাপী আলোচনার দুটি অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনেও যোগদান করবেন। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী নেতারা। ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেন ও টেনিস কোর্টে মেলা চলবে শনিবার পর্যন্ত। মেলা সাধারণ দর্শকদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য ২০ টাকা। মেলার আয়োজন করছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যবস্থাপনায় রয়েছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস)। বিশেষ সহযোগিতা দিচ্ছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর পক্ষে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি)। সহযোগিতায় আরও আছে ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। মেলার লিড স্পন্সর এইচএসবিসি আর প্লাটিনাম স্পন্সর লাফার্জ সুরমা সিমেন্ট। ভারত ও বাংলাদেশ থেকে ৩৪টি কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ভারত থেকে ১৫টি এবং বাংলাদেশ থেকে ১৯টি কোম্পানি রয়েছে। ভারতীয় অংশগ্রহণকারী অন্যতম প্রতিষ্ঠান টাটা মোটরস তাদের সাশ্রয়ী মোটরগাড়ি ন্যানো বাংলাদেশে প্রথমবারের মতো এ মেলায় প্রদর্শন করতে যাচ্ছে। ভারতের অন্যান্য অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে ভারত গ্রুপ, এল মদনলাল, কেব্ল টেকমেশিন, ইন্ডিয়ান স্ট্রাকচারাল কোম্পানি লিমিটেড, শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ, আইচার ট্রাক, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও আরও বেশ কিছু বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান।মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এশিয়ান পেইন্টস, বসুন্ধরা গ্রুপ, চয়েস গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, জিকিউ গ্রুপ, এইচএসবিসি ব্যাংক, আইওন এক্সচেঞ্জ, কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাস্ট, লিমো অ্যান্ড অ্যাসোসিয়েটস, লাফার্জ সুরমা সিমেন্ট, নিটস সার্ভিসেস লিমিটেড, নিটোল মোটরস লিমিটেড, পদ্মা গ্রুপ অ্যান্ড কনভার্টারস, প্রাণ আরএফএল গ্রুপ, প্রিমিয়ার ব্যাংক, রানার মোটরস, হামদর্দ ল্যাবরেটরিজ, ল্যান্ডমার্ক ট্যুরস, রোমানিয়া ফুডস অ্যান্ড বেভারেজ, বেঙ্গল পলিমার অ্যায়ার্স, এপেক্স হোসেন, নূর-ই-জান্নাত, ইয়েলো বেক্সিমকো ও সাইনপুকুর সিরামিকস লিমিটেড।