লালমনিরহাট থেকে সমগ্র উত্তরবঙ্গে ইনডেক্স এলপি গ্যাস বিপণন করা হবে।লালমনিরহাট জেলা শহরে সাপটানা রোডে ডায়নামিক ট্রেডিং সেন্টার চত্বরে গত শুক্রবার বোতলজাত ইনডেক্স এলপি গ্যাস বিপণন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মমিনুল হক।ডায়নামিক ট্রেডিংয়ের চেয়ারম্যান তপন কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনডেক্স এলপি গ্যাসের ডিলার, গ্রাহক ও সুধী সমাবেশে স্বাগত বক্তব্য দেন ডায়নামিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় কুমার দেব। অনুষ্ঠানে ইনডেক্স গ্রুপের হেড অব কমিউনিকেশনস আরিফুল হক, পরিচালক (উন্নয়ন) এহসান তানিসহ বৃহত্তর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা ইনডেক্স এলপি গ্যাসের ডিলাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ করতে পরিবেশবান্ধব ও সঠিক ওজনের বোতলজাত জ্বালানি গ্যাস ইনডেক্স এলপি গ্যাস লালমনিরহাটের ডায়নামিক ট্রেডিংয়ের মাধ্যমে সমগ্র উত্তরবঙ্গে বিপণন করা হবে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এ জন্য একটি গ্যাস রিফিলিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে গ্যাস সমস্যার সমাধানের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের ব্যবস্থাও হবে।