উত্তরবঙ্গে জাপানি বিনিয়োগে বিশেষ সুবিধা দেওয়া হবে
জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চাইলে তাঁদের জন্য আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের সুযোগ দেওয়া হবে। এ ছাড়া উত্তরবঙ্গে শিল্পকারখানা স্থাপন করলেও বিশেষ সুবিধা দেওয়া হবে।গতকাল সোমবার জাপান-বাংলাদেশ ডেভেলপমেন্ট অথরিটির (জেবিডিএ) উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ সুবিধা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এসব কথা বলেন।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সেমিনারে বক্তব্য দেন জাপানের সাংসদ ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকিরা ইশি, জাপানের সাংসদ ইয়োশিহিকো ওয়াতানাবে, কাজুমি ইয়ানাগিতা ও কৈশি মুকায়ামা।আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, জেবিডিএর ভাইস প্রেসিডেন্ট কাজুমা ইশিহি, দেইউ কোম্পানি লিমিটেডের জাপানের প্রেসিডেন্ট পার্কসন হিয়ন, বিশ্বখ্যাত খাছাই করপোরেশন জাপান লিমিটেডের প্রেসিডেন্ট সিয়ান শি খাছাই। স্বাগত বক্তব্য দেন জেবিডিএর সমন্বয়কারী চন্দন ইয়ামাগুচি।