রংপুর সিটি বাজার ও লালমনিরহাট গোশালা কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত আদর্শ বাজার ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে এবং ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় বাজার দুটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। বাণিজ্যমন্ত্রী জি এম কাদের গত মঙ্গলবার বাজার দুটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করেন। একই সঙ্গে উভয় বাজারের কর্তৃপক্ষের হাতে ফরমাল ডি-হাইড্রেড মেশিন বা ফরমালিন শনাক্তকরণ যন্ত্র তুলে দেন। খবর বাসসের।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, অসৎ উদ্দেশ্যে ফরমালিন বিক্রেতাদের শাস্তি নিশ্চিত করতে দেশে আইন তৈরি হচ্ছে।বাণিজ্যমন্ত্রী বলেন, শুধু কাঁচাবাজারে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না, এর যথাযথ ব্যবহারও করতে হবে। ভোক্তারা সন্দেহ হলেই যদি ফরমালিন পরীক্ষা করে পণ্য কেনেন, তাহলে খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধ হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি মোছাদ্দেক হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, রংপুর চেম্বারের সহসভাপতি মোস্তফা সোহরাব, ঢাকা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবুল হাসনাত, রংপুর সিটি বাজার সমিতির সভাপতি মুসলিম উদ্দিন প্রমুখ।