উত্তরবঙ্গে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ বাড়ছে, ফলনও এখন অনেক ভালো
উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়, জয়পুরহাট ও দিনাজপুরে এখন বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষাবাদ হচ্ছে। এর মধ্যে জয়পুরহাটে আঙুর বাগানে সাথি ফসল হিসেবে চাষ করা হচ্ছে স্ট্রবেরি। অন্যদিকে পঞ্চগড়ে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহত্ স্ট্রবেরি বাগান। এটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার অনেক উৎসাহী মানুষ ছুটে আসছে। এসব বাগানের স্ট্রবেরির ফলন যেমন বেশ ভালো হয়েছে, তেমনি স্বাদে-গন্ধেও তা বিদেশি স্ট্রবেরির মতো বলে দাবি করেছেন বাগানমালিকেরা। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড় থেকে শহীদুল ইসলাম জানান, যশোরের গোল্ডেন সিড ফার্ম নামের একটি প্রতিষ্ঠান প্রথম এ জেলায় তিন একর জমিতে স্ট্রবেরির চাষ শুরু করে। তারা চাষাবাদ করে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের হলধরজোত গ্রামে। তাদের সাফল্য দেখে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামে ৫৩ বিঘা জমিতে স্ট্রবেরির বিশাল বাগান গড়ে তোলেন চার বন্ধু। এটির নাম দেওয়া হয়েছে ‘এভারেস্ট স্ট্রবেরি বাগান’। এটাকে দেশের সর্ববৃহত্ স্ট্রবেরির বাগান বলে দাবি করেছেন উদ্যোক্তারা। তাঁরা জানান, সারা দেশে এবার ২০০ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে।এ বাগানের উদ্যোক্তাদের একজন রায়হানুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা চার বন্ধু মিলে ৫৩ বিঘা জমি লিজ নিয়ে তাতে রাবি-৩ জাতের স্ট্রবেরির দেড় লাখ চারা লাগিয়েছেন এবং ফেব্রুয়ারির শুরু থেকে ফল পাচ্ছেন।রায়হানুর রহমান জানান, বাগান করতে তাঁদের এ পর্যন্ত খরচ হয়েছে ৫৬ লাখ টাকা। তবে তাঁরা আশা করছেন, তাঁদের বাগানে মোট ৬০ মেট্রিক টন ফল পাওয়া যাবে, যা ৫০০ টাকা কেজি দরে বিক্রি করলে মোট আয় হবে তিন কোটি টাকা।এ বাগানের স্ট্রবেরি ঢাকায় ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও স্থানীয় বাজারে তা ৬৫০ টাকা।বাগানের কারিগরি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বর্তমানে নারী-পুরুষ মিলে দেড় শ শ্রমিক এখানে নিয়মিত কাজ করছেন। এ বাগান থেকে বর্তমানে প্রতিদিন ৩০-৩৫ কেজি ফল পাওয়া যাচ্ছে।রাবি-৩ জাতের স্ট্রবেরির উদ্ভাবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন বলেন, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের মাটি ও আবহাওয়া এ ফল চাষের উপযোগী। তাই এ অঞ্চলে উত্পাদিত স্ট্রবেরি হবে সুস্বাদু ও রসাল।জয়পুরহাট থেকে আসাদুল ইসলাম জানান, রুহুল রেজা ও জিল্লুর রহমান নামের দুই ভাই আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারের পাশে ছয় বিঘা জমিতে প্রথম আঙুরের বাগান তৈরি করেন। এ বাগানেই সাথি ফসল হিসেবে তাঁরা স্ট্রবেরি চাষ করেছেন। এ বাগানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ১০-১৫ কেজি করে স্ট্রবেরির ফল পাওয়া যাচ্ছে।উদ্যোক্তারা জানান, ছয় বিঘা জমিতে আঙুর বাগান ও স্ট্রবেরি চাষে তাঁদের খরচ হয়েছে ২৫ লাখ টাকা। তাঁরা স্ট্রবেরির চারাও বিক্রি করছেন।জিল্লুর রহমান জানান, প্রথম দিকে প্রতি কেজি স্ট্রবেরি এক হাজার ২০০ টাকা দামে বিক্রি হলেও এখন তা ৫০০ থেকে ৬০০ টাকা। এবার তাঁরা স্ট্রবেরি বিক্রি করে মোট পাঁচ থেকে সাত লাখ টাকা পাবেন বলে আশা করছেন।ফুলবাড়ী (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম জানান, এবার জেলার ফুলবাড়ী পৌরসভার শামসুল হক মণ্ডল নামের একজন কৃষক এক একর জমিতে রাবি-৩ জাতের স্ট্রবেরির ১৭ হাজার চারা রোপণ করেছেন। বাগানের প্রতিটি গাছেই ফুল ধরেছে। ইতিমধ্যে অনেক গাছে স্ট্রবেরি পাকতেও শুরু করেছে।শামসুল হক মণ্ডল প্রথম আলোকে জানান, তাঁর ছেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) অনার্সের ছাত্র রাশেকুল হাসানই তাঁকে স্ট্রবেরি চাষাবাদে উৎসাহিত করেন।রাশেকুল হাসান জানান, কৃষি মেলায় এক প্রদর্শনী দেখে স্ট্রবেরির উদ্ভাবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হকের পরামর্শে তিনি এ ফলের বাগান তৈরির পরিকল্পনার কথা জানান তাঁর বাবাকে।শামসুল হক মণ্ডল জানান, তাঁর বাগানের লাল টকটকে স্ট্রবেরি ফল দেখতে বিভিন্ন জায়গার লোকজন আসছে। তিনি ভবিষ্যতে আরও বেশি জমিতে স্ট্রবেরি চাষ করবেন।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রশীদ বলেন, কৃষক শামসুল হকের বাগানে প্রতিটি গাছে খুব কম হলেও ২০০ গ্রাম করে স্ট্রবেরি পাওয়া যাবে। সে অনুয়ায়ী ১৭ হাজার গাছে স্ট্রবেরি গাছে পাওয়া যাবে তিন হাজার ৪০০ গ্রাম। প্রতি কেজির দাম ৫০০ টাকা করে হিসাব করলেও তিনি প্রায় ১৭ লাখ টাকা আয় করতে পারবেন। খরচের সাড়ে পাঁচ লাখ টাকা বাদ দিলে শামসুল হকের কমপক্ষে সাড়ে ১১ লাখ টাকা লাভ হবে।