নীলফামারী জেলা সদরে অবস্থিত উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে উইগস বা পরচুলা রপ্তানি শুরু করেছে একটি বিদেশি কোম্পানি।এভারগ্রিন ফ্যাক্টরি (বিডি) লিমিটেড নামে হংকংয়ের মালিকানাধীন এই কোম্পানি ইতিমধ্যে প্রথম চালানে আমেরিকায় দুই কনটেইনার পরচুলা পাঠিয়েছে।জানা গেছে, এভারগ্রিন ফ্যাক্টরি (বিডি) লিমিটেড বছরে ১০ লাখ সেট পরচুলা রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে গত ১৩ মার্চ আংশিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে। তবে আগামী বছরের মার্চ-এপ্রিলের দিকে প্রতিষ্ঠানটি পুরো মাত্রায় পরচুলা উৎপাদন করবে এবং আমেরিকার পাশাপাশি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করবে।এভারগ্রিনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের স্টাইলিশ নারী-পুরুষদের কাছে পরচুলার ব্যাপক চাহিদা রয়েছে। হ্যালোইন পার্টি ছাড়াও নিজেদের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশের জন্য সেসব দেশের বিশেষত নারীরা এই পরচুলা ব্যবহার করে থাকেন। পোশাকের রঙের সঙ্গে মিল রেখে তাঁরা বিউটি স্যালুনে গিয়ে পরচুলা সেট করেন। সেটি বিবেচনায় রেখেই এ কারখানাটি স্থাপন করা হয়।এভারগ্রিন ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের প্রকল্প কর্মকর্তা সুব্রত সরকার প্রথম আলোকে জানান, এ কারখানায় প্রথম পর্যায়ে নারী ও পুরুষ মিলিয়ে নীলফামারীর প্রায় ৪০০ শ্রমিক নিয়োগ করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণকালে এসব শ্রমিকের তৈরি করা ৩০ হাজার পরচুলা গত ১৩ মে আমেরিকায় রপ্তানি করা হয়েছে। স্থানীয় শ্রমিকদের উৎপাদন দক্ষতায় উৎসাহিত হয়ে কোম্পানিটি ভবিষ্যতে এখানে বিনিয়োগ আরও বাড়াতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সুব্রত সরকার আরও জানান, এভারগ্রিন উত্তরা ইপিজেডে মোট আড়াই কোটি ডলার (যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকা) বিনিয়োগ করবে। এ জন্য তারা আটটি প্লট নিয়েছে। সেখানে এখন কারখানা ভবন তৈরির কাজ চলছে। নির্মাণকাজ সম্পূর্ণ শেষ হলে আরও সাত হাজার শ্রমিক নিয়োগ করা হবে। এ ছাড়া ইপিজেডের বাইরে নীলফামারী শহরেও একটি ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে, যেখানে শিগগিরই এক হাজার শ্রমিক নিয়োগ দেওয়া হবে।এ প্রসঙ্গে উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এই ইপিজেড বিনিয়োগের জন্য দেশের সবচেয়ে অনকূল জায়গা। তিনি বলেন, এভারগ্রিন নামের প্রতিষ্ঠানটি এখানে একটি ফ্লোর ভাড়া নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছিল। এখন তারা তিন লাখ বর্গফুটবিশিষ্ট কারখানা ভবন নির্মাণের কাজ করছে। আগামী বছরের মার্চের মধ্যে এ কাজ শেষ করে এপ্রিলেই তারা পুরোদমে উৎপাদন শুরু করবে।২০০১ সালে তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারী জেলা সদরের সংগলসীতে ২১২ একর জমির ওপর উত্তরা ইপিজেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।