উত্তরা ইপিজেডে দেশি কোম্পানির ৩০ লাখ ডলার বিনিয়োগ
উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দেশীয় কোম্পানি ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেড একটি গার্মেন্টস সামগ্রীর কারখানা স্থাপন করবে।কোম্পানিটি ৩০ লাখ ডলার বিনিয়োগ করবে। এতে মোট এক হাজার স্থানীয় নাগরিকের কর্মসংস্থান হবে। এই কোম্পানি বিভিন্ন ধরনের গার্মেন্টস সামগ্রী উৎপাদন ও রপ্তানি করবে।এ ব্যাপারে ঢাকায় সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তি হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং ফারদিন অ্যাক্সেসরিজের পরিচালক মোহাম্মদ জমির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, সচিব মো. শওকত নবী, মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) মো. নুরুল হক, জনসংযোগ মহাব্যবস্থাপক এস এম আখতার আলম মোস্তাফীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।