উত্তরা ইপিজেডে নতুন নিটিং কারখানা উদ্বোধন
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) আরও একটি নতুন নিটিং কারখানার উদ্বোধন করা হয়েছে।সম্পূর্ণ রপ্তানিমুখী প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে সৈয়দপুরের এস এ ইন্টারন্যাশনাল। নতুন প্রতিষ্ঠানটিতে প্রায় নয় কোটি টাকা বিনিয়োগ করা হয়।উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক হাফিজুর রহমান সম্প্রতি এস এ ইন্টারন্যাশনালের উৎপাদন-কার্যক্রম উদ্বোধন করেন। শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক ও আতিকুল ইসলাম আতিকের যৌথ মালিকানাধীন ওই সোয়েটার তৈরি কারখানাটিতে আড়াই হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি ঢাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এস এ ইন্টারন্যাশনালের একটি লিজ চুক্তি হয়। বেপজার বিনিয়োগ-উন্নয়ন সদস্য মো. ময়েজ্জদিন আহমেদ এবং এস এ ইন্টারন্যাশনালের নির্বাহী অংশীদার সিদ্দিকুল আলম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ বি এম শহীদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের নির্বাহী অংশীদার সিদ্দিকুল আলম সিদ্দিক প্রথম আলোকে জানান, কারখানাটিতে ১২ লাখ ২০ হাজার ডলার বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় নয় কোটি টাকার সমান। তিনি উত্তরা ইপিজেডে আরও শিল্প স্থাপনের উদ্যোগ নেবেন বলে জানান।