উত্তরাঞ্চলে এবার চামড়ার দামে ধস
দেশের উত্তরাঞ্চলে এবার কোরবানির পশুর চামড়ার বাজারে ধস নেমেছে। ঢাকার ট্যানারি মালিকেরা আগে থেকে দাম নির্ধারণ করে না দেওয়ায় স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা যে যাঁর মতো করে চামড়া কিনে তা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন। কেউ বেশি দামে কিনে ধরা খেয়েছেন। তবে কোথাও কোথাও কম দামে কিনেও পুঁজি খুইয়েছেন বা খোয়াতে বসেছেন অনেকে।ক্ষুদ্র ব্যবসায়ী ও ফড়িয়াদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিক এবং জেলা ও উপজেলা পর্যায়ের চামড়ার আড়তদারেরা সিন্ডিকেট করে এবার চামড়ার বাজার নিয়ন্ত্রণ করায় এমন অবস্থা তৈরি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিনিধিদের পাঠানো খবর।বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গত বছরের চেয়ে এবার বগুড়ায় অনেক কম দামে চামড়া কেনাবেচা হয়েছে। তা সত্ত্বেও ছোট ও মৌসুমি ব্যবসায়ী এবং ফড়িয়ারা পুঁজি তুলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, তাঁরা বিভিন্ন এলাকা ঘুরে যে দামে চামড়া কিনেছেন, তার চেয়ে কমে জেলা শহরে মহাজনের আড়তে বিক্রি করতে হচ্ছে।বগুড়া শহরের বাদুড়তলা ও চকসূত্রাপুর এলাকায় শতাধিক চামড়ার আড়ত রয়েছে। সেখানে সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ দুই হাজার টাকায় চামড়া বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া ছাগলের চামড়া বিক্রি হয়েছে ১০০ থেকে ২০০ টাকায়।বগুড়া জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন প্রথম আলোকে জানান, বহির্বিশ্বে কয়েক বছর ধরে ব্যবসায় মন্দার কারণে বাংলাদেশেও চামড়ার বাজার খারাপ যাচ্ছে।পঞ্চগড় প্রতিনিধি জানান, এবার পঞ্চগড়ে গত বছরের চেয়ে অর্ধেক দামে কোরবানির পশুর চামড়া কেনাবেচা হয়েছে, যে কারণে প্রতিবেশী ভারতে চামড়া পাচার হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। জেলার সবচেয়ে বড় চামড়ার বাজার রাজনগরে আকার ও মান ভেদে গরুর চামড়া ৫০০ থেকে দেড় হাজার টাকা দরে বিক্রি হয়েছে। আর ছাগলের চামড়া বিক্রি হয়েছে ৫০ থেকে ১০০ টাকা দরে। গত বছর গরুর চামড়া ৭৫০ থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত এবং ছাগলের চামড়া ১০০ থেকে ২৫০ টাকা দরে কেনাবেচা হয়েছিল।হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার চামড়া ব্যবসায়ীরা এবার বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এদিকে হিলি সিপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, হিলি সীমান্ত দিয়ে যাতে ভারতে চামড়া পাচার হতে না পারে, সে জন্য বিজিবির টহল জোরদার করা হয়েছে। কোথাও মজুদ করা হচ্ছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, হাকিমপুরে এবার আকার ভেদে গরুর চামড়া ৫০০ থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকায় এবং ছাগলের চামড়া ১৫০-২৭০ টাকায় বিক্রি হয়েছে।জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে ঈদের দিন দুপুরে গরুর চামড়া ৬০০ থেকে ৮০০ টাকা দামে বিক্রি হলেও পরে তা মাত্র ৩০০ থেকে ৬০০ টাকায় নেমে আসে। এই জেলায় সর্বোচ্চ এক হাজার ২০০ টাকায় গরুর চামড়া বিক্রি হয়েছে। চামড়ার দাম ব্যাপক হারে কমার কারণে ক্ষুদ্র, মৌসুমি ও ফড়িয়া ব্যবসায়ীরা পুঁজি হারাতে বসেছেন। গত বছরও এই জেলায় গড়ে এক হাজার ৩০০ টাকায় গরুর চামড়া বিক্রি হয়েছিল। দাম কম হওয়ায় ভারতে চামড়া পাচারের আশঙ্কা করছেন অনেকেই।দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও ফড়িয়ারা আকার ভেদে ৬০০ থেকে দেড় হাজার টাকা দামে গরুর চামড়া কিনলেও তাঁদের অধিকাংশই মাত্র ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন। চামড়া বিক্রি করতে না পেরে কাউকে কাউকে চামড়ার হাটে রোববার গভীর রাত পর্যন্তও অপেক্ষা করতে দেখা গেছে।রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষুদ্র ও মৌসুমি ব্যবসায়ীরা আকার ভেদে এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা দামে গরুর চামড়া কিনেছেন। কিন্তু বিক্রি করতে হয়েছে ৮০০ টাকা থেকে এক হাজার টাকায়।শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, মৌসুমি লাভের আশায় বগুড়ার শিবগঞ্জে অনেকেই চড়া সুদে দাদনের টাকা নিয়ে কোরবানির পশুর চামড়া কিনে এখন পথে বসতে চলেছেন। ঈদের দিন দুপুরে যে চামড়া বিক্রি হয়েছে এক হাজার ৩০০ টাকায়, সন্ধ্যায় তা ৮০০ টাকার নিচে নেমে গেছে এবং পরে আরও কমেছে। এতে ব্যবসায়ীরা ঋণ শোধের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন।