উত্তরাঞ্চলের উদ্যোক্তারা শিল্প প্লট বরাদ্দ ও হস্তান্তর নীতিমালা যুগোপযোগী করা এবং সহজ শর্তে ব্যাংকঋণ বিতরণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার বিদ্যমান ও নতুন উদ্যোক্তারা এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও বিসিক শিল্পনগরগুলোতে বিদ্যমান সংকট নিরসনের দাবি তোলেন।
বিসিকের রাজশাহী অঞ্চলের পরিচালক আলতাফ হোসেনের সভাপতিত্বে গত শনিবার বগুড়া সার্কিট হাউসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, বিসিকের পরিচালক জাহাঙ্গীর মোল্লা ও আবু তাহের খান, বগুড়ার বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি আইনুল হক সোহেল, নাসিবের রাজশাহী জেলা সভাপতি লিয়াকত আলী, নারী উদ্যোক্তা নিলুফার ইয়াসমিন, উদ্যোক্তা আজিজুল হক, সম্পাদক ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন।