উত্তরাঞ্চলের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি উঠে গেল
৪৯ বছর আগে রাজশাহী শহরে স্থাপিত উত্তরাঞ্চলের একমাত্র সরকারি মৎস্য অবতরণ কেন্দ্র ও কার্যালয়টি উঠে গেল।
এ প্রতিষ্ঠানের জায়গাটি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দখলে নেওয়ায় মৎস্য উন্নয়ন করপোরেশনকে তাদের এই কেন্দ্র ও কার্যালয় গুটিয়ে নিতে হয়েছে।
জানা গেছে, ১৯৬৫ সালে রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় সাড়ে ১৪ কাঠা জমির ওপর মৎস্য ভবন নির্মাণ করে মৎস্য অবতরণ কেন্দ্র ও কার্যালয় চালু করা হয়৷ পরবর্তী সময়ে এখানে একটি করে হিমাগার ও বরফ কল স্থাপন করা হয়৷ সেই সঙ্গে বসানো হয় ১১টি মাছের আড়ত। মৎস্য উন্নয়ন করপোরেশনের কাছ থেকে মাসিক ভিত্তিতে ভাড়া নিয়ে মৎস্য ব্যবসায়ী ও বরফ কলের মালিক ব্যবসা করে আসছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মৎস্য উন্নয়ন করপোরেশনের কাছ থেকে প্রায় চার কোটি ৩১ লাখ ২৮ হাজার টাকায় জায়গাটি কিনে নেয় রাসিক৷ ইতিমধ্যে এই টাকার অর্ধেকটা দিয়েছে, বাকিটা আগামী জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে। (রাসিক) এ বছরের ১২ মার্চ মৎস্য উন্নয়ন করপোরেশন ভবনের দখল বুঝিয়ে দেয়। কয়েক দিন আগে ভবনটি ভাঙার কাজ শুরু করে সিটি করপোরেশন৷ অবশ্য এর আগে ২০১০ সালের ২৪ ডিসেম্বর কোনো অনুমতি ছাড়াই সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে ভবনটি ভাঙতে শুরু করে । ওই দিন রাতেই মৎস্য উন্নয়ন করপোরেশনের রাজশাহীর কর্মকর্তা আবদুর রউফ নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেন। ফলে পরদিন সকালে পুলিশ ভাঙার কাজ বন্ধ করে দেয়।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আসলে এ জায়গা সিটি করপোরেশনের৷’ তিনি জানান, তাঁরা নগরের শালবাগান এলাকায় বিকল্প জায়গা দিতে চাইলেও তা নিতে রাজি হয়নি মৎস্য করপোরেশন।
অন্যদিকে মৎস্য উন্নয়ন করপোরেশনের কর্মকর্তা সমিতির সভাপতি এন সি রাজবংশী প্রথম আলোর কাছে দাবি করেন, রাসিক বিকল্প যে জায়গা দিতে চেয়েছে, সেটি তাঁদের জন্য উপযুক্ত নয়। তিনি বলেন, রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটি মৎস্য অবতরণ কেন্দ্র থাকা দরকার।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, সিটি করপোরেশন শুধু একটি বাণিজ্যিক ভবন তৈরির স্বার্থে জনগুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র ও কার্যালয়টি উঠিয়ে দিতে পারে না। সে জন্য তিনি রাজশাহীতে পুনরায় মৎস্য অবতরণ কেন্দ্র চালুর দাবি জানান৷