উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতে বিশেষ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে বগুড়ায় গতকাল বৃহস্পতিবার এক বাজেট-পরবর্তী আলোচনায় বক্তারা দেশের উত্তরাঞ্চলের কৃষি ও শিল্প খাতের উন্নয়নে বিশেষ বরাদ্দ দাবি করেছেন। ধুনট উপজেলা পরিষদের সভাকক্ষে সভাটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি। এতে প্রধান অতিথি ছিলেন ধুনট উপজেলার চেয়ারম্যান টি আই এম নুরন্নবী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা আরজুমান্দ বানু, ভান্ডারবাড়ী ইউপির চেয়ারম্যান আতিকুল করিম, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের বগুড়া জেলার সদস্যসচিব জি এম পারভেজ প্রমুখ।সভাটি সঞ্চালনা করেন সুপ্রর সম্পাদক কে জি এম ফারুক। এতে আলোচনাপত্র উপস্থাপন করেন হার্ড-এর নির্বাহী পরিচালক জাহিদুল হাবিব।আলোচনা সভায় বলা হয়, ২০১০ সালে বগুড়া সফরে এসে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বগুড়াকে বিশেষায়িত শিল্পাঞ্চল ঘোষণার কথা বললেও তা আজও বাস্তবায়িত হয়নি।বক্তারা বলেন, ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আকারে বড় হলেও বাস্তবায়নযোগ্য। তবে এটি বাস্তবায়নে সরকারি প্রশাসন, স্থানীয় সরকারসহ সর্বস্তরেরর জনসাধারণকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। তাঁরা বলেন, উন্নয়নের পথে বড় বাধা হয়ে আছে দুর্নীতি। সে জন্য বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত নয়।