উত্তরাঞ্চলের মানুষ চায় আসন্ন বাজেটে কৃষিশিল্পে বিনিয়োগ বাড়ুক। উত্তরাঞ্চলের বড় সমস্যা বৈষম্য, তা দূর করতে বাড়াতে হবে কর্মসংস্থান। পাশাপাশি বাড়াতে হবে সাধারণ মানুষের জন্য বরাদ্দ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এ এন কে নোমান প্রথম আলোকে বলেন, উত্তরাঞ্চলের মানুষ পিছিয়ে পড়া। এদের এগিয়ে নিতে হলে বাজেটে বিশেষ প্যাকেজ রাখতে হবে। বৈষম্যটা রয়েছে কর্মসংস্থানে। এই এলাকায় যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়, মানুষের আয় বৃদ্ধি পায়, এ জন্য সরকারকে উৎপাদনশীল খাতে ব্যয় বাড়াতে হবে। এই বিনিয়োগ কৃষি, এর অবকাঠামো, কৃষিপণ্য পরিবহন, বাজারজাতকরণসহ আরও নানা দিকে হতে পারে। আবার এই অঞ্চল থেকে অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান যে পরিমাণ পুঁজি আহরণ করে, তা এই অঞ্চলেই বিনিয়োগ করার ব্যাপারে বাজেটে নীতিগত সিদ্ধান্ত থাকতে হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান জানালেন, রাজশাহী মূলত কৃষি অঞ্চল। কৃষি ছাড়া অন্য কোনো পথ নেই। তাই বাজেটে কৃষকদের জন্য এমন কিছু করতে হবে, যাতে কৃষকেরা উৎসাহিত হন। যেমন, এখানে একটা কৃষি ইপিজেড স্থাপন করতে হবে, যাতে করে কৃষকেরা তাঁদের কৃষিপণ্য সংরক্ষণ করতে পারেন। ঢাকা এবং চট্টগ্রামের সঙ্গে সরাসরি কৃষিপণ্য পরিবহনের ট্রেন চালু করলে এখানকার কৃষকেরা আরও উৎসাহিত হবেন। গঙ্গা ব্যারাজ প্রকল্প সম্পন্ন করলে এখানকার পানি ব্যবহার করে আরও উৎপাদন বাড়াতে পারবেন। পদ্মা নদী খনন এখনো আটকে আছে। বাজেটে সেই বিষয়টাও দেখতে হবে। রাজশাহীতে গ্যাস সরবরাহ করা হলেও বর্তমানে শিল্পকারখানায় সংযোগ না দেওয়ার কারণে অনেক উদ্যোক্তা রাজশাহী থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
রাজশাহীর ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি মিনহাজ উদ্দিন বলেন, রাজশাহীতে যাঁরা কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়তে চান, বাজেটে তাঁদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকতে হবে।
ক্ষুদ্র ব্যবসায়ী মিজান রহমান মৃধা জানালেন, মানুষের ক্রয়ক্ষমতা যাতে নাগালের মধ্যে থাকে, সেভাবেই বাজেট তৈরি করতে হবে। সরকার কোনো জিনিসের দাম বাড়িয়ে দিলে সেটা বিক্রি করতে ক্রেতাদের সঙ্গে বেশি কথা খরচ করতে হয়। তাই চাই বাজেটে যেন কোনো জিনিসের দাম না বাড়ে।
চারঘাট উপজেলার কৃষক 'মনিরুল ইসলাম জানালেন, উত্তরাঞ্চলের কৃষকেরা এমনিতেই অবহেলিত। এখানে কৃষির জন্য অবশ্যই বাজেটে বিশেষ ভর্তুকি থাকতে হবে। কৃষিভিত্তিক কলকারখানা উত্তরাঞ্চলে যাতে গড়ে ওঠে, বাজেটে তার প্রতিফলন থাকতে হবে।
রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুল ফেরদৌস জানালেন, উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী। অথচ রাজশাহীর শিক্ষা প্রসারের জন্য বাজেটের বিশেষ কোনো বরাদ্দ দেওয়া হয় না। এই অঞ্চলের শিক্ষার্থীদের যাতে কর্মসংস্থানের সুব্যবস্থা হয়, সেই বিষয়টিও বাজেটের পরিধিতে থাকতে হবে।