উত্তরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি
কৃষিনির্ভর উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কৃষি খাতে কোনো বিশেষ বরাদ্দ রাখা হয়নি। আবার শিল্পের বিকাশের জন্য প্রয়োজনীয় গ্যাস-সংযোগ প্রদান এবং ব্যবসা-বাণিজ্যের বিকাশের বিষয়েও নির্দেশনা নেই। এ ধরনের বৈষম্যমূলক নীতির কারণে প্রত্যাশা পূরণ হয়নি।
বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এমনটাই বলছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এ এন কে নোমান বলেন, ‘বাজেটে আঞ্চলিক বৈষম্য থেকেই গেল। এটা কমানোর উদ্যোগ নেই। করের হার বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়িয়ে করের আওতা বৃদ্ধি করা হবে। কিন্তু বাজেটে তা হয়নি। এতে যাঁরা কর দেন, তাঁদের ওপরই করের চাপ বাড়ল।’
বাজেটে উত্তরাঞ্চলের শিল্প ও বাণিজ্যের উন্নয়নে কোনো নির্দেশনা নেই বলে মন্তব্য করলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি বলেন, গঙ্গা ব্যারেজ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করা না হলে এ অঞ্চলের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাজেটে এ বিষয়ে কিছু নেই। তিনি বলেন, বাজেট ধনী মানুষের জন্য হয়েছে। অবহেলিত মানুষেরা অবহেলিতই থেকে গেছেন। তিনি বলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ তাদের ১০ দফা দাবি আদায়ের জন্য ঈদের পর মাঠে নামবে।
ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সহসভাপতি মিনহাজ উদ্দিন বলেন, বাজেটে কৃষিতে যে ভর্তুকি দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত নয়। তিনি বলেন, ‘বাজেটে রাজশাহী অঞ্চলের মানুষ যে বরাদ্দ পাবে, তার সফল বাস্তবায়ন দেখতে চাই।’
বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক পিপলস লিংক ফোরাম—বিডির সভাপতি মুস্তাফিজুর রহমান খান বলেন, ‘বাজেটে আমাদের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। কারণ, উত্তরাঞ্চলের কৃষি খাতের জন্য কোনো বিশেষ বরাদ্দ আমাদের চোখে পড়েনি। শিল্পের বিকাশের জন্য রাজশাহীর শিল্পে গ্যাস দেওয়ার কোনো নির্দেশনা বাজেটে নেই। আবার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের কোনো উদ্যোগও লক্ষ করা যায়নি।’