উত্তরাঞ্চলের প্রায় ১১ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ জন্য সরকার ৩২৪ কোটি ৩৪ লাখ টাকার প্রকল্প নিয়েছে।
গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন উদ্যোগ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পটি সংশোধিত প্রকল্প। সংশোধন করে সুবিধাভোগী নির্বাচনের জন্য উত্তরা ইপিজেডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের সুবিধাভোগী নির্বাচনের সুযোগ তৈরি হলো।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি শুরু হয়েছে ২০১২ সালের জুলাই মাসে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে শেষ হবে। এ প্রকল্পের আওতায় ১০ হাজার ৮০০ জনকে বাছাই করা হবে। তাঁদের আবাসিক সুবিধাসহ প্রশিক্ষণ দেওয়া হবে। ঢাকা, ঈশ্বরদী ও কর্ণফুলী ইপিজেডে আবাসন সুবিধাসহ প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ভারসাম্যপূর্ণ উন্নয়নের জন্য এ প্রকল্পটি নেওয়া হয়েছে। পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।
গতকালের একনেক সভায় ১ হাজার ২১৯ কোটি টাকার মোট ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৮৯৫ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৪০ কোটি টাকা। এ ছাড়া বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে আরও ৮৪ কোটি টাকা।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্প হলো ৩৯৮ কোটি টাকার নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আটটি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ; ১২৯ কোটি টাকার রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ; ৫৪ কোটি ৪১ লাখ টাকার জলাভূমির তালিকা ও স্থায়িত্বশীল জলাভূমি ব্যবস্থাপনার ফ্রেমওয়ার্ক উন্নয়নসহ হাওর ও নদীর ইকোসিস্টেমের আন্তসম্পর্ক-বিষয়ক সমীক্ষা; ৩৪ কোটি টাকার বৃহত্তর যশোর জেলায় মৎস্য উন্নয়ন এবং ২৭৯ কোটি ৪২ লাখ টাকার মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর ও পূর্ব ইলিশা ইউনিয়ন রক্ষার্থে তীর সংরক্ষণ।