উত্তরার ১৮ নম্বর সেক্টরে হচ্ছে ৬৭২টি ফ্ল্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরায় স্বল্প ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য অ্যাপার্টমেন্ট নির্মাণসহ আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সচিবালয়ে গতকাল বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল কিছুটা অসুস্থ বোধ করায় গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, উত্তরার ১৮ নম্বর সেক্টরে একটি বেজমেন্টসহ ১৬তলাবিশিষ্ট ৮টি ‘এ’ টাইপ অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করা হবে। এগুলোতে প্রতিটি ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে ৬৭২টি। ব্যয় হবে ৩৪১ কোটি ২৮ লাখ টাকা।
প্রকল্পটি বাস্তবায়নে চার ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা অভ্যন্তরীণ বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ, পয়ঃপ্রণালি ও অগ্নি নির্বাপণের ব্যবস্থাও করবে।
অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) অর্থায়নে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পানি শোধনাগার ও জলাধার নির্মাণের একটি প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে। চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যা সমাধানে কর্ণফুলী নদীর পানি শোধন করে তা সরবরাহ করবে ওয়াসা। ৫৮১ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার বিভাগ।
অনুমোদিত অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে আটটি আধুনিক খাদ্যগুদাম (সাইলো) নির্মাণের পরামর্শক নিয়োগ। এতে আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। বাস্তবায়নকারী সংস্থা খাদ্য অধিদপ্তর। ফ্রান্সভিত্তিক কোম্পানি জেরিকো ফ্রান্স এসএ নামক একটি প্রতিষ্ঠানকে ৬৭ কোটি ৮০ লাখ টাকায় পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ‘গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন-আশুগঞ্জ টু বাখরাবাদ’ শীর্ষক প্রকল্পের আওতায় তিনটি ইন্টারফেস মিটারিং নির্মাণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে এমআর সন প্রসেস ও এশিয়া পার্টিসিপেশন লিমিটেডকে। এতে ব্যয় হবে ৫২ কোটি ৫৯ লাখ টাকা।
এ ছাড়া জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার চারটি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পুরোনো ব্রহ্মপুত্র নদের ওপর তিন হাজার ৫০০ মিটার চেইনেজে ৫৮৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ৭৪ কোটি ১৭ লাখ টাকার এ কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম (বাসি) সিই জেভি।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নদী খননের সম্ভাব্যতা যাচাই-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নেদারল্যান্ডসভিত্তিক হ্যাচকিং ডিবিএইচ নামের একটি প্রতিষ্ঠান ১৫ কোটি ৪৭ লাখ টাকায় পরামর্শক নিয়োগ পেয়েছে। আর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ৫৪ কোটি ৩২ লাখ টাকার ২৫ হাজার টন ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ‘অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানিসম্পদ খাত’ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় বাড়বে চার কোটি টাকা। আগে ধরা হয়েছিল ৪০ কোটি ৮৮ লাখ টাকা।