উত্তরায় জমি পেল বিজিএমইএ
নিজেদের প্রধান কার্যালয় নির্মাণের জন্য উত্তরায় তৃতীয় পর্বে ১১০ কাঠা (সাড়ে ৫ বিঘা) জমি বরাদ্দ পেয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের গত বুধবারের বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত হয়। তারপরই ১৭ নম্বর সেক্টরের ওই জমিটি বিজিএমইএকে সাময়িকভাবে বরাদ্দ দেয় রাজউক।
একাধিক সূত্র জানায়, প্রধান কার্যালয় নির্মাণের জন্য বিজিএমইএ ১০ বিঘা জমি চেয়ে শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বিঘা বরাদ্দ পেয়েছে। প্রতি কাঠার দাম প্রায় ২০ লাখ টাকা হলেও বিজিএমইএর নেতারা এটি কমানোর চেষ্টা করছেন।
>প্রধান কার্যালয় নির্মাণের জন্য ১০ বিঘা জমি চেয়ে শেষ পর্যন্ত সাড়ে পাঁচ বিঘা বরাদ্দ পেয়েছে সংগঠনটি
জমির স্বত্ব না থাকা ও জলাধার আইন লঙ্ঘন করে নির্মিত হওয়ায় বিজিএমইএ ভবনটি ছয় মাসের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। রাজধানীর হাতিরঝিল প্রকল্পে সোনারগাঁও হোটেলের পাশে বিজিএমইএ ভবনে মোট এলাকা বা স্পেস ২ লাখ ৬৬ হাজার বর্গফুট। বিজিএমইএ ব্যবহার করে চারটি তলা। বাকি জায়গা তিনটি বেসরকারি ব্যাংকসহ ৪০টির মতো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে সংগঠনটি।
২০১১ সালের ৩ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে। গত বছরের ২ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আপিল আবেদনটি খারিজ করে দেন। ৮ ডিসেম্বর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিজিএমইএর সভাপতি। আদালত ৫ মার্চ এই রিভিউ আবেদন খারিজ করে দেন। পরে ভবন ছাড়তে বিজিএমইএ তিন বছর সময় চাইলে আদালত ছয় মাসের সময় দেন।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, এপ্রিলের মধ্যে জমির নিবন্ধনকাজ শেষ করা সম্ভব হবে। প্রাথমিকভাবে আমরা বরাদ্দ পাওয়া জমিতে নতুন ভবন করে পুরোনো ভবনটি ছাড়তে চাই।’
একই কথা বলেন সংগঠনের আরেক সহসভাপতি মোহাম্মদ নাছির। তিনি প্রথম আলোকে বলেন, ‘নতুন ভবন নির্মাণ করে সম্মানজনকভাবে ভবন ছাড়তে পারলে বিজিএমইএর ভাবমূর্তি অক্ষুণ্ন থাকবে। তবে ছয় মাসের মধ্যে একটি ভবন নির্মাণ প্রায় অসম্ভব। ইস্পাতের কাঠামো দিয়ে হলেও আমরা নতুন ভবন নির্মাণের চেষ্টা করব।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরাদ্দ পাওয়া জমির দাম এখানো চূড়ান্ত হয়নি। জমি ও ভবন তৈরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কাল শনিবার বিজিএমইএ ভবনে বিশেষ সভা হবে।