
কয়েক বছর ধরেই রপ্তানি পণ্যের নতুন বাজার হিসেবে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলো আলোচিত ছিল। সব মহলেই বিশাল সম্ভাবনার কথা বলা হয়েছে। কিন্তু চলতি অর্থবছরের এই রপ্তানিতে ভাটা পড়েছে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে রপ্তানি কমে গেছে। আবার ডলারের বিপরীতে রুিপর দরপতনে ভারতের স্থানীয় বাজারে আমদানিকৃত পণ্যের দাম বেড়ে যাওয়াও রপ্তানি হ্রাসের অন্যতম কারণ বলা হচ্ছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের বছরের তুলনায় রপ্তানি অর্ধেক হয়ে গেছে। এর পাশাপাশি বেশ কিছু অশুল্ক বাধাও রয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের কারণে গত তিন মাসেও রপ্তানি প্রবাহ আগের ধারায় ফেরত আসেনি বলে জানা গেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামসহ ভারতের উত্তর-পূর্ব সাত রাজ্যে দুই কোটি ২৯ লাখ ডলার বা ১৮০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে চার কোটি ৩৬ লাখ ডলার বা ৩৪০ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল।
এসব রাজ্যে খাদ্যপণ্য, তৈরি পোশাক, সিমেন্ট, ওষুধ, প্লাস্টিকপণ্য, মাছ, ব্যাটারি, টিস্যু পেপার, সাবান, পিভিসি পাইপ ইত্যাদি রপ্তানি হয়। আখাউড়া, তামাবিল, বিবিরবাজারসহ নয়টি স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে রপ্তানি হয়। এখন এসব বন্দর দিয়ে আগের মতো পণ্য রপ্তানি হচ্ছে না।
আবার গত অর্থবছরের শুরু থেকেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে তা সহিংসতায় রূপ নেয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হরতাল-অবরোধে যোগাযোগব্যবস্থা অচল হয়ে পড়লে রপ্তানিকারকেরা পণ্য স্থলবন্দর বা শুল্কস্টেশন পর্যন্ত নিতে পারেননি। হরতাল-অবরোধে স্থিবর হয়ে পড়ে ব্যবসা-বািণজ্য। হরতাল-অবরোধের কারণে গত ডিসেম্বর মাসে প্রায় পুরোটাই এসব স্থলবন্দর বন্ধ রাখতে হয়। ফলে রপ্তানিতে ধস নামে।
তবে ভারতের ওই অঞ্চলে রপ্তানি কমে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হলো, গত অর্থবছরের শুরুতেই ডলারের বিপরীতে ভারতীয় রুিপর দরপতন হওয়া। এর ফলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের দাম ওই স্থানীয় বাজারে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে যায় বলে জানা গেছে। কিন্তু ওই অঞ্চলের মানুষের ক্রয়ক্ষমতা সীমিত হওয়ায় আমদানিকারকেরাও বাংলাদেশি পণ্য আমদানি কমিয়েছেন। ঋণপত্রও বাতিল করেছেন অনেকে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদও প্রথম আলোকে বলেন যে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি রুিপর দরপতনের কারণে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে রপ্তানি কমেছে। তবে এখন ডলারের বিপরীতে রুিপর দাম স্থিতিশীল হলেও আগের মতো রপ্তানি প্রবাহ আসেনি।
এনবিআর সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এসব রাজ্যে চার কোটি ৬২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। পরের বছর তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ছয় কোটি ২৯ লাখ ডলারে। তবে ২০১১-১২ অর্থবছরে রপ্তানির পরিমাণ কিছুটা কমে হয় পাঁচ কোটি ৪৪ লাখ ডলার। আর গত অর্থবছরে ছয় কোটি ৫৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়।
বাংলাদেশ থেকে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে যত রপ্তানি হয়, এর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে। এটি বাংলাদেশে একমাত্র রপ্তানিনির্ভর স্থলবন্দর। গত বছরের জুলাই-ডিসেম্বর সময়কালে ৩৫ কোটি টাকা বা ৪৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আর গত অর্থবছরে (২০১২-১৩) ৩২৭ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। রপ্তানি না হওয়ায় এই স্থলবন্দরের আয়ও কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এই স্থলবন্দরের আয় মাত্র পাঁচ লাখ ২৫ হাজার টাকা যা গত অর্থবছরের আয়ের প্রায় এক-তৃতীয়াংশ। সেই সময় আয় ছিল প্রায় ১৫ লাখ টাকা।
এদিকে গত জানুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়ে গেলেও ভারতের লোকসভা নির্বাচনের কারণে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে রপ্তানি প্রবাহ আর আগের মতো হয়নি।