মজুরি বৃদ্ধির দাবিতে গত ডিসেম্বরে আশুলিয়ার পোশাকশ্রমিকের আন্দোলন দমাতে ছাঁটাই, গ্রেপ্তার ও মামলার পথ বেছে নিয়েছিল সরকার ও পোশাকশিল্প মালিকেরা। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই দেশে-বিদেশে হইচই হয়। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ঢাকা অ্যাপারেল সামিটকে ঘিরে সেই উত্তাপ বাড়ে। পাঁচ ব্র্যান্ড সামিট বর্জনের ঘোষণা দেয়। শেষে অনেকটা বাধ্য হয়েই গত বৃহস্পতিবার সমঝোতায় পৌঁছান মালিকেরা।
সেই আশুলিয়ার ঘটনা গতকাল শনিবার দিনব্যাপী সামিটে ঘুরেফিরে উত্তাপ ছড়াল। একটি সেমিনারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট প্রসঙ্গটি টেনে এনে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন গঠন ও শ্রম অধিকার নিশ্চিতের ওপর জোর দেন। পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজের বক্তব্যে পাল্টা জবাব দেন।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের সহযোগিতায় বিজিএমইএর আয়োজনে রাজধানীর সোনারগাঁও হোটেলে সামিট অনুষ্ঠিত হয়। সকালে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অধিবেশনে তিনটি সেমিনার হয়। এতে মন্ত্রী, গবেষক, রাষ্ট্রদূত, ব্র্যান্ড ও দাতা সংস্থার প্রতিনিধি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
‘ব্যবসায় নীতি ও পরিবেশ: উন্নত বাংলাদেশের পথে’ শীর্ষক সেমিনারে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে কারখানা পরিদর্শন ও সংস্কার কার্যক্রমকে স্থায়ী কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। কারণ, ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এত দিনের সাফল্য মুহূর্তেই নষ্ট হয়ে যাবে।
বার্নিকাট বলেন, মজুরি বৃদ্ধির দাবি আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই ও শ্রমিকনেতাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসম্যান ও ব্র্যান্ডগুলো গভীর উদ্বেগ জানিয়েছে। এতে বাংলাদেশের মতো বিশ্বস্ত সরবরাহকারীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই শ্রমিকনেতারা জেল থেকে ছাড়া এবং সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, কয়েকজন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা আশুলিয়ার আন্দোলনে যুক্ত ছিলেন না। কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাঁরা আশুলিয়ায় কাজ করলেও ধর্মঘটের সঙ্গে ছিলেন না। আবার অনেকের ওপর বিভিন্ন অভিযোগের মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চাই, যেখানে বসে সমস্যা সমাধান হবে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘আশুলিয়ার সমস্যাটির আমরা সমাধান করেছি।’ তিনি বলেন, ‘ট্রেড ইউনিয়ন বিষয়ে শুধু বাংলাদেশকে নিয়ে কথা হয় কেন? কেন ভিয়েতনাম, চীন বা পাকিস্তান নিয়ে কথা হয় না? ভিয়েতনামে কটি ইউনিয়ন আছে? প্রতিদিন চীনে শিল্প দুর্ঘটনা ঘটলেও কেউ কথা বলে না।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের মাত্র ৭ শতাংশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে ইউনিয়ন আছে। আর বেসরকারি খাতের ৩৫ শতাংশ প্রতিষ্ঠানে ইউনিয়ন আছে। তাহলে তারা কীভাবে প্রত্যাশা করে আমাদের দেশে শতভাগ কারখানায় ইউনিয়ন হবে?’
এফবিসিসিআইয়ের সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ। তিনি ভবিষ্যতের প্রবৃদ্ধির জন্য স্থায়ী নীতি, দক্ষ শ্রমিক এবং অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন। অবশ্য বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ মার্টিন রামা মনে করেন, বিনিয়োগ পরিবেশ ও সরবরাহ ব্যবস্থা উন্নত করাই বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে শ্রমিক ও মধ্যম সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে জোর দেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অর্থনীতি বিষয়ের অধ্যাপক ক্রিস্টোফার উডরুফ।
অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশের সব খাতের জন্যই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়াই বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে গ্যাসপ্রাপ্তি। এ ছাড়া যোগাযোগব্যবস্থা, শুল্ক ও করব্যবস্থা এবং বিনিময় মুদ্রার হার নিয়ে সমস্যা আছে।
‘টেকসই প্রবৃদ্ধির জন্য যৌথ ও দায়িত্বশীল উৎস’ শীর্ষক দ্বিতীয় সেমিনারে মূল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য দায়িত্বশীল বাজার খোঁজা, দামি পণ্য তৈরি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।
আওয়াজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজমা আক্তার বলেন, সবাইকে ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের সম্মান করতে হবে। মালিকপক্ষকে ইউনিয়ন মেনে নিতে হবে। শ্রমিকের বাঁচার মতো মজুরি দিতে হবে। অন্যথায় টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
‘বাংলাদেশ পোশাকশিল্প: রূপান্তর ও অগ্রযাত্রা’ শীর্ষক তৃতীয় সেমিনারে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এদেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, ট্রেড ইউনিয়নকে কাজ করার স্বাধীনতা দিতে হবে। এ ছাড়া ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়াটি সহজ করতে হবে।