সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও পতনের মধ্য দিয়ে শেষ হলো শেয়ারবাজারের আজ সোমবারের লেনদেন। আজ দুই বাজারেই বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। ফলে সূচকের পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেন কমেছে দুই বাজারেই। এ নিয়ে টানা ১০ দিন দরপতন ঘটল। যদিও বৃহস্পতিবার সূচক সামান্য বেড়েছিল, তবে ওই দিনও বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছিল। অব্যাহত এই দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও আস্থাহীনতা বিরাজ করছে।বিনিয়োগকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ১০ দিন ধরে বাজারে দরপতন চলছে। এ অবস্থার জন্য তাঁরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়ী করছেন। তাঁরা আরও বলেন, বাজারের দরপতন ঠেকাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। অন্যথায় এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়।দরপতনের পেছনে নতুন কোম্পানির আইপিও ইস্যু বাজারে প্রভাব ফেলছে বলেও মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা জানান, এ মাসে চারটি কোম্পানির আইপিওর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে একটি কোম্পানির আবেদন শেষ হয়েছে। গতকাল আরেকটি কোম্পানির আবেদন নেওয়া শুরু হয়েছে। অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে ওই সব কোম্পানিতে আবেদন করায় বাজারে নেতিবাচক অবস্থা ত্বরান্বিত হচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২২৩ পয়েন্টে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ৩৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচকের পতন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টির দাম কমেছে; বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৭ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৯৮ কোটি টাকা কম।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, সোস্যাল ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, সায়হাম টেক্সটাইল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল প্রভৃতি।অন্যদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৮ পয়েন্ট কমে ১২ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৯টির দাম কমেছে; বেড়েছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।