উত্থানে শুরু পতনে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার সূচকের উত্থানের মধ্যে লেনদেন শুরু হলেও পতনের মধ্যে লেনদেন শেষ হয়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা আজকের অবস্থাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় বেশিরভাগ কোম্পানির দাম কমে যাওয়া প্রধান কারণ। এ ছাড়া ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এটাও সূচক ও লেনদেন কমার অন্যতম একটা কারণ। কেননা আর্থিক খাতগুলো বাজারে বেশি প্রভাব ফেলে থাকে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৬.৮২ পয়েন্ট কমে ৪৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৫২ পয়েন্ট বেড়ে যায়। তবে ২০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট কমেছিল। এর পর থেকে সূচক ঊর্ধ্বমুখী হলেও শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে। কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৯৫২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৮৪ কোটি টাকা কম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ার, আরএস স্পিনিং, বিএসসিসিএল, এমআই সিমেন্ট, যমুনা অয়েল, উনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, এনবিএল, বিএসআরএম স্টিল ও সায়হাম কটন প্রভৃতি।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক ৩৩ পয়েন্ট কমে ১৩৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ মোট ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৮টির দাম বেড়েছে। কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১১০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম।