বিদায়ী ২০১৩ সালে বিশ্বের উন্নত দেশগুলো তাদের ক্ষয়ে যাওয়া শক্তিমত্তা অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। আর বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হওয়ার যাত্রাপথ থেকে একরকম কক্ষচ্যুতি ঘটেছে অগ্রসর উদীয়মান অর্থনীতির দেশগুলোর।
মূলত ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট ও এর জের ধরে বিশ্বমন্দার প্রভাবে উন্নত দেশগুলোর অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের প্রবৃদ্ধির হার বছরের পর বছর কমে যেতে থাকে। বিপরীতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা (ব্রিকস) প্রবৃদ্ধির উচ্চ হার ধরে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু ২০১২ সালে এসেই তা আর বজায় থাকেনি। আর ২০১৩ সালে সেই ধারা থেকে বের হতে পারেনি দেশগুলো।
উন্নত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থপ্রবাহ বাড়িয়ে ও সুদের হার নিম্নপর্যায়ে রেখে অর্থনীতি চাঙা করার যে পদক্ষেপ নেয়, তার অনেকটাই সুফল মেলে। যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার মন্দার সময় সর্বোচ্চ ১৪ শতাংশ (অক্টোবর, ২০০৯) উঠেছিল। গত বছর সেটা নেমে আসে ৭ শতাংশে।
অর্থনীতি চাঙা হতে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বাজার থেকে বন্ড কেনার পরিমাণ কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় বছরের শেষ ভাগে। উল্লেখ্য, ২০১৩ সাল ছিল ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার শত বছর পূর্তি। আর এই শত বছরে এসে ফেড চেয়ারম্যান হিসেবে একজন নারীর নিয়োগ চূড়ান্ত করা হয়। তিনি জেনেট ইয়েলেন যিনি ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেবেন।
অভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৭টি দেশকে একত্রে বলা হয় ইউরো অঞ্চল। ২০১৩ সালে ইউরো অঞ্চল নেতিবাচক প্রবৃদ্ধির ধারা থেকে বেড় হতে না পারলেও পতনের হার কমে গেছে। ফ্রান্স ও ইতালি মন্দা কাটালেও যথেষ্ট চাঙা হতে পারেনি।
জাপান ১৫ বছরের মূল্য সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে গত বছর।
উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে এখনো চীন সবচেয়ে এগিয়ে। আর রুপির ব্যাপক দরপতন, মূল্যস্ফীতির চাপ ও নানা সংকটে ভারতের প্রবৃদ্ধি ব্যাপকভাবে কমে গেছে। নেমে এসেছে ৫ শতাংশেরও নিচে। এক দশকের মধ্যে দেশটির অর্থনীতিতে এমন সংকট দেখা দেয়নি।
লাতিন আমেরিকার অর্থনীতির প্রধান চালিকাশক্তি ব্রাজিলেরও সময় ভালো যাচ্ছে না। বরং গণপরিবহনের অব্যবস্থাপনায় বছরের মাঝামাঝি দেশটিতে গণবিক্ষোভ দেখা দেয়। ২০১২ সালের তুলনায় প্রবৃদ্ধির উন্নতি হলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারেনি।
রাশিয়ার অর্থনীতির গতি আরও কমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা প্রক্ষেপণ করেছে, তাতে ২০১৪ সালে কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস মিলেছে।
দেশভিত্তিক পর্যালোচনা থেকে অন্যত্র তাকালে নানা কিছুর সমারোহ দেখা গেছে গত বছরটিতে। যেমন, বিশ্ববাজারে সোনার দাম এপ্রিল মাসে সাড়ে ৮ শতাংশ কমে ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
সারণি: বৈশ্বিক প্রবৃদ্ধি
দেশ ২০১২ ২০১৩
যুক্তরাষ্ট্র ২.৮% ১.৬%.
ইউরো অঞ্চল -০.৬% -০.৪%
কানাডা ১.৭% ১.৬%
জাপান ২.০% ২.০%
চীন ৭.৭% ৭.৬%
ভারত ৩.২% ৩.৮%
ব্রাজিল ০.৯% ২.৫%
রাশিয়া ৩.৪% ১.৫%
দক্ষিণ আফ্রিকা ২.৫% ২.০%
সূত্র: আইএমএফ