উদ্দীপনা বাড়াতে নতুন 'লোগো' উন্মোচন করল সিএসই
প্রতিষ্ঠার ২০ বছর পর লোগো বদল করল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে পুরোনো লোগো পাল্টে নতুন লোগো চালু করেছে সংস্থাটি।
রাজধানীর মতিঝিলে অবস্থিত সিএসইর ঢাকা কার্যালয়ে গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে নতুন লোগোর উন্মোচন করেন সংস্থাটির চেয়ারম্যান আবদুল মজিদ।
এর আগে সংবাদ সম্মেলনে সিএসইর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থার কাজে নতুন উদ্দীপনা আনতেই লোগোতে পরিবর্তন আনা হয়েছে। নতুন লোগোর মাধ্যমে আবারও নতুন উদ্যম নিয়ে সবার কাছে পরিচিত হতে চায় সিএসই।
সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) জ্যেষ্ঠ সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিনসহ সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন লোগোর বৈশিষ্ট্য সম্পর্কে ওয়ালিউল মারুফ মতিন বলেন, নতুন লোগোতে কয়েকটি রঙের একটি রৈখিক তরঙ্গ বা গ্রাফিক্যাল ওয়েভ ব্যবহার করা হয়েছে, যা একটি সোনালি ও সফল ভবিষ্যতের প্রতীক।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগকারীদের জীবনের উত্থান-পতনের সাফল্যের একটি বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে নতুন এ লোগোর মাধ্যমে।
লোগোতে টারকোয়েজ বা ফিরোজা রঙের ব্যবহার করা হয়েছে। এর কারণ সম্পর্কে বলা হয়েছে, আবেগ এবং বাস্তবতার
মধ্যে ভারসাম্য ও সমন্বয় বোঝাতে এ রঙের ব্যবহার। পাশাপাশি এর মাধ্যমে সিএসইর জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকেও প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিএসইর সভাপতি আবদুল মজিদ বলেন, এর আগের লোগোটি চালু করা হয়েছিল ১৯৯৫ সালে এক্সচেঞ্জটির প্রতিষ্ঠাকালীন সময়ে। এর ২০ বছর পর এসে নতুন উদ্দীপনা তৈরি ও কাজের গতি বাড়াতে লোগোতে পরিবর্তন আনা হয়েছে।