রিজার্ভ চুরির উদ্ধার হওয়া দেড় কোটি ডলার ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সেপ্টেম্বরে রিজার্ভ চুরির উদ্ধার হওয়া এই দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দিতে নির্দেশ দেন ফিলিপাইনের আদালত। এই অর্থ ক্যাসিনো (জুয়া খেলার স্থান) ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল। এই অর্থ এখন ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা আছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা প্রথম আলোকে জানান, বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল ম্যানিলায় গেছে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া হিসেবে। অচিরেই এই অর্থ পাওয়া যাবে।
শুভংকর সাহা আরও বলেন, ‘রিজার্ভ চুরির বাকি অর্থ ফেরত পেতে কাজ করা হচ্ছে। এ বিষয়ে অগ্রগতিও হচ্ছে। আশা করছি, পুরো অর্থই আমরা ফেরত পাব।’
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত জন গোমেজও এ রকমটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘এই দেড় কোটি ডলার ফেরতের বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এ ব্যাপারে কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের লক্ষ্য এখন বাকি অর্থ ফেরত পাওয়া।’
গত ফেব্রুয়ারিতে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ কোটি ডলার চুরি হয়। ফিলিপাইনের ইনকোয়ারার পত্রিকা এ ঘটনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের অন্যতম সাইবার চুরি হিসেবে পরিচিত এ ঘটনা। ঘটনার জের ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন আতিউর রহমান। সরিয়ে দেওয়া হয় দুই ডেপুটি গভর্নরকে। ঘটনার তদন্তে কাজ শুরু করে ফিলিপাইন সিনেটে। সিনেটের এক শুনানিতে ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে এই দেড় কোটি ডলার উদ্ধার করে কমিটি।