ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে উদ্ধার তৎপরতায় ব্যবহারের জন্য দ্বিতীয় দফায় যন্ত্রপাতি কিনতে যাচ্ছে সরকার। এ জন্য ১৫৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।এই প্রকল্পের আওতায় ৩০ ধরনের চার হাজার ৪৯৩টি যন্ত্রপাতি ও সামগ্রী কেনা হবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য কেনা হবে একটি স্নোর্কেল, দুটি স্বয়ংক্রিয় মই, একটি বহু ব্যবহার্য যান, ৩৯টি জলীয় বাষ্প নিষ্কাশন যন্ত্র, একটা উদ্ধার পিকআপ যান, ৫০০ চার্জার বাতি, ২০০০ বডি ব্যাগ, ৫০০ গ্যাস মাস্ক, ১৫টি অনুসন্ধান ক্যামেরা।আর সশস্ত্র বাহিনীর জন্য কেনা হবে দুটি করে হাইড্রলিক ব্রেকার, ক্রাশার ও কাটার, ৩৫০ জোড়া বিশেষ নিরাপত্তা জুতা, আটটি করে বাতাস নির্গমক, হাইড্রলিক স্প্রেডার, র্যাম জ্যাক, কাটার সেট ও এয়ারলিফটিং ব্যাগ, পানিতে অনুসন্ধানের যন্ত্র, খাবার সরবরাহের যন্ত্রপাতি ইত্যাদি। আগামী জুলাই থেকে ২০১৫ সালের জুন মাসের মধ্যে এসব যন্ত্রপাতি কেনা হবে।পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ৮৮৬ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।স্থানীয় বা অভ্যন্তরীণ উৎস থেকেই প্রকল্পগুলোতে অর্থের জোগান দেওয়া হবে। এতে বিদেশি সহায়তা পাওয়া যাবে না। সভা শেষে পরিকল্পনাসচিব ভুঁইয়া শফিকুল ইসলাম প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। ২০১০ সালের ডিসেম্বর মাসে ‘ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক এই প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছিল। এত দিন তা পাস করা হয়নি। গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের পর সেটা পাস করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিপূর্বে অবশ্য প্রথম পর্যায়ের যন্ত্রপাতি কেনা হয়েছে। সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হচ্ছে ৪৯৯ কোটি টাকার উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেব্ল নেটওয়ার্ক উন্নয়ন, ৪০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, ২৬ কোটি টাকার বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট, ১০৩ কোটি টাকায় ভোলা জেলার লালমোহন উপজেলায় ঝুঁকিপূর্ণ অংশে নদীতীর সংরক্ষণ, ২৮ কোটি টাকার আরডিএ প্রযুক্তি ব্যবহার করে ভূ-উপরিস্থ পানি দ্বারা সেচ এলাকা উন্নয়নের মাধ্যমে পল্লি জীবিকায়ন উন্নয়নে প্রায়োগিক গবেষণা এবং ৩১ কোটি টাকার বাংলাদেশে সমন্বিত সেরিকালচার উন্নয়ন ও সম্প্রসারণ পরিকল্পনা।