উদ্ধার যন্ত্রপাতি কেনার তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো বড় দুর্ঘটনার পরপরই সরকার চাপের মুখে উদ্ধার যন্ত্রপাতি কেনায় উদ্যোগী হয়ে ওঠে। তারপর আবার তা স্তিমিত হয়ে আসে। ২০০৮ সালে ভূমিকম্পের পর আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার যন্ত্রপাতি কেনার প্রকল্প (প্রথম পর্যায়) হাতে নেওয়া হয়। তবে পাঁচ বছরেও সেই প্রকল্পের পুরো যন্ত্রপাতি কেনা হয়নি। অন্যদিকে সাভার ট্র্যাজেডির পর আবার দ্বিতীয় পর্যায়ের যন্ত্রপাতি কেনার তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২০১৩-১৪ অর্থবছরের নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) এ জন্য বরাদ্দও দেওয়া হচ্ছে। পরিকল্পনা কমিশন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। ২০১০ সালের ডিসেম্বর মাস থেকে ‘ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার জন্য যন্ত্রপাতি সংগ্রহ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পড়ে রয়েছে। সাভারে রানা প্লাজা ধসের পর সেটা অনুমোদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অনুমোদিত হলেই এসব যন্ত্রপাতি ক্রয় শুরু হবে। গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব দেখা দেয়। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থার পক্ষ থেকে সে সময় ছোট অক্সিজেন সিলিন্ডার, শাবল, চার্জার বাতি, মাস্কসহ বিভিন্ন যন্ত্রপাতির জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। উদ্ধারকাজে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মীদের কাছে পর্যাপ্ত যন্ত্রপাতি ছিল না। পরিকল্পনাসচিব ভুইয়া শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জরুরি ও অগ্রাধিকার হিসেবে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের উত্থাপন করা হবে। আগামী এডিপিতে বরাদ্দও রাখা হবে। তবে কী পরিমাণ বরাদ্দ রাখা হবে, তা এখনো ঠিক হয়নি। একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে ২০০৯ সালের ২৯ জুলাই সরকারকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশনা দেন। উদ্ধারকাজের প্রয়োজনীয় যন্ত্রপাতি তালিকা তৈরির জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নেতৃত্বে সেই কমিটির সুপারিশে উদ্ধার যন্ত্রপাতি কেনার ৬৯ কোটি টাকার প্রকল্পটি (প্রথম পর্যায়) গ্রহণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রাথমিকভাবে ২০১০ সালের জুলাই পর্যন্ত মেয়াদ থাকলেও পরে তা এক বছর বাড়ানো হয়। এ প্রকল্পের আওতায় নয়টি লটে ক্রেন, কাটার, ফর্ক লিফটার, মেগাফোন, র‌্যাম জ্যাক, হেলমেট, অক্সিজেন সরবরাহ যন্ত্রসহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কেনা হয়। ২০১০ সালের এপ্রিল ও ডিসেম্বর মাসে দুই দফায় সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসকে এসব যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ২০১১ সালের জানুয়ারি মাসে আবার ১৬৪ কোটি টাকার উদ্ধার যন্ত্রপাতি কেনার প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের জমা দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয় তিন বছর (জুলাই, ২০১১-জুন, ২০১৪)। তবে মেয়াদের প্রায় দুই বছর পার হলেও প্রকল্পটি অনুমোদন হয়নি। বরং প্রতিবছরই এডিপিতে অননুমোদিত ও বরাদ্দহীন প্রকল্প হিসেবে সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে, প্রথম পর্যায়ের প্রকল্পটির সমাপ্ত প্রতিবেদন জমা না দেওয়ায় প্রকল্পটি অনুমোদনের জন্য একনেকে উত্থাপিত হয়নি। কিন্তু সাভার ট্র্যাজেডির পর প্রকল্পটি পাসের তোড়জোড় শুরু হয়েছে। কিছুটা সংশোধন করে গত ২৫ এপ্রিল প্রকল্প প্রস্তাব আবারও পরিকল্পনা কমিশনের পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এখন প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ১৫৮ কোটি ৯২ লাখ টাকা। আর মেয়াদও সংশোধন করে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত করা হয়েছে। অসম্পন্ন ক্রয়: প্রকল্পটির প্রথম পর্যায়ে ১০টি পর্বে ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনার কথা ছিল। নয়টি পর্বে কেনাকাটা সম্পন্ন হলেও একটি পর্বে এখনো সাড়ে সাত কোটি টাকা যন্ত্রপাতি কেনা সম্ভব হয়নি। জানা গেছে, একটি পর্বে বিভিন্ন ধরনের কাটার, এয়ারকম্প্রেসার, মেগাফোন, বৈদ্যুতিক হ্যামার, হ্যামার ড্রিল, অনুসন্ধান বাতি, প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি, মাস্ক, গ্লাভস, জেনারেটর, ফায়ার পাম্পসহ ১০ হাজার ৮৪টি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি কেনার ঠিকাদারি কাজ পায় সোহেল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এসব যন্ত্রপাতি ও সরঞ্জামাদির মূল্য সাত কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৬৮ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যন্ত্রপাতি সরবরাহ না করায় গত বছরের ১১ অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ‘কেন ঠিকাদারি লাইসেন্স বাতিল করা হবে না’ কারণ দর্শাও নোটিশ করা হয়। এরপর এ নোটিশ চ্যালেঞ্জ করে সোহেল এন্টারপ্রাইজ উচ্চ আদালতে যায়। গত ১২ নভেম্বর উচ্চ আদালত রায় দেন, ২০১৩ সালের ৩০ এপ্রিলের মধ্যে এসব যন্ত্রপাতি সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে আদেশ দেন। গত সপ্তাহে এ সময় শেষ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো তা সরবরাহ করেনি।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) চন্দ্রনাথ বসাক প্রথম আলোকে বলেন, নির্মাতাপ্রতিষ্ঠানের কাছে এসব যন্ত্রপাতি পাওয়া যায়নি—এ অজুহাত দেখিয়ে ঠিকাদার যন্ত্রপাতি সরবরাহ দেয়নি। যা কেনা হবে: প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৩০ ধরনের চার হাজার ৪৯৩টি যন্ত্রপাতি ও সামগ্রী কেনা হবে। এর মধ্যে সবচেয়ে দামি যন্ত্র হলো স্নোকল, যা দিয়ে ডুবন্ত অবস্থায় নিঃশ্বাস নেওয়া যাবে। একটি স্নোকলের দাম পড়বে সাত কোটি টাকা। এ ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য কেনা হবে দুটি স্বয়ংক্রিয় মই, একটি বহু ব্যবহার্য যান, ৩৯টি জলীয়বাষ্প নিষ্কাশন যন্ত্র, উদ্ধার পিকআপ যান, ৫০০ চার্জার বাতি, ২০০০ বডি ব্যাগ, ৫০০ গ্যাস মাস্ক, ১৫টি অনুসন্ধান ক্যামেরা। সশস্ত্র বাহিনীর জন্য কেনা হবে দুটি হাইড্রলিক ব্রেকার, ক্রাশার ও কাটার, ৩৫০ জোড়া বিশেষ নিরাপত্তা জুতা, আটটি বাতাস নির্গমক, হাইড্রলিক স্প্রেডার, র‌্যাম জ্যাক, কাটার সেট ও এয়ারলিফটিং ব্যাগ, পানির মধ্যে অনুসন্ধানযন্ত্র, খাবার সরবরাহের যন্ত্রপাতি ইত্যাদি।