উদ্বেগ-অনিশ্চয়তা নিয়ে অর্থনীতির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বড় অনিশ্চয়তা ও উৎকণ্ঠা নিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন বছর ২০১৪ সালের পথ চলা শুরু করেছে। গত দুই দশকে এত বেশি অনিশ্চয়তা নিয়ে আর কোনো বছরে শিল্প-বাণিজ্য তথা অর্থনীতির যাত্রা শুরু হয়নি।
মূলত গত বছরের রাজনৈতিক অস্থিরতার তীব্রতা সহিংস রূপ নিয়ে অর্থনীতিতে যে গভীর ক্ষত তৈরি করেছে, তা ভবিষ্যতে দ্রুত উপশম হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। বরং বছরের প্রথম দিনটিই বিরোধীদলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ দিয়ে শুরু হওয়া আরও কিছুদিন এই ক্ষত গভীরতর হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষত মূল্যস্ফীতির চাপ বাড়বে, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়বে এবং সর্বোপরি কর্মসংস্থানে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে।
ইতিমধ্যে হরতাল-অবরোধে সরবরাব ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিয়েছে। ফলে নতুন বছরে মূল্যস্ফীতিজনিত চাপ অনেক বেশি থাকবে। এখনো মূল্যস্ফীতির বার্ষিক গড় হার সাড়ে ৭ শতাংশের ওপরে রয়েছে। সরবরাহ ক্রমাগত বিঘ্নিত ও ব্যয়বহুল হলে অল্প সময়ে এটি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে।
অন্যদিকে যদি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে একটা স্থিতিশীলতা দ্রুত ফিরেও আসে, তার পরও মূল্যস্ফীতিজনিত চাপ সহজে কমবে না। বরং বিনিয়োগ মন্দা কাটাতে অর্থপ্রবাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতিকে কিছুটা উঁচু স্তরেই ধরে রাখবে। এমতাবস্থায় বাংলাদেশ ব্যাংকের জন্য মুদ্রানীতি পরিচালনা করা বেশ কঠিন হবে।
অন্যদিকে রাজস্ব নীতিতে ইতিমধ্যেই চাপে পড়ে গেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনধারীদের আয়কর বিবরণী জমার সময়সীমা তিন দফা বাড়িয়ে গত ৩১ ডিসেম্বর শেষ করেছে। কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বিবরণী জমা পড়েনি। আবার জুলাই-নভেম্বর সময়কালে রাজস্ব আদায়ে এনবিআরের ঘাটতি হয়েছে পাঁচ হাজার কোটি টাকা।
দেখা গেছে, নির্বাচনী বছরে রাজস্ব আদায় নিম্নমুখী হয়ে পড়ে। ২০০৮-০৯ অর্থবছরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশের নিচে। আর ওই অর্থবছরে প্রথমার্ধে ছিল তত্ত্বাবধায়ক সরকার, যখন জাতীয় নির্বাচন হয়। শেষার্ধ ছিল আওয়ামী লীগ সরকারের প্রথম ছয় মাস। এবারও, অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে একই রকম প্রবণতার লক্ষণ দেখা দিচ্ছে। আর ২০১৪ সালের প্রথমার্ধ হলো আলোচ্য অর্থবছরের শেষার্ধ।
বস্তুত ২০১৩-১৪ অর্থবছরের বাজেটেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনেকটা অতি উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, যার বাস্তবায়ন তখনই বড় ধরনের প্রশ্নের মুখে পড়ে। মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ২৩ শতাংশ এবং আয়কর ও মুনাফার ওপর কর আদায়ে লক্ষ্যমাত্রা ৩৬ শতাংশ বাড়িয়ে ধার্য করা হয়েছে। অথচ মূসক আদায় নির্ভর করে ব্যবসায়িক কর্মকাণ্ডের ওপর। আর গত কয়েক মাসে সব ধরনের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। আবার আমদানিও কমে গেছে। অস্থিরতার সহিংসতা চললে ভবিষ্যতেও তা হবে।
অবশ্য পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, মূল্যস্ফীতির চাপ তেমন বাড়বে না। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, চাহিদা যেহেতু তেমন একটা নেই, সেহেতু মূল্যস্ফীতিও তেমন একটা হবে না। আবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ভালো অবস্থায় আছে। তিনি আরও বলেন, সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই দামের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যা ভবিষ্যতেও পড়তে পারে। তবে পণ্যভেদে দাম বাড়বে। সামগ্রিক মূল্যস্তর বড় আকারে প্রভাবিত হবে না।
আহসান মনসুর বরং রাজস্ব আয়ের ওপর নেতিবাচক প্রভাবের বিষয়টি বেশি উদ্বেগজনক মনে করেন। তিনি প্রথম আলোর পর্যবেক্ষণ সমর্থন করে বলেন, ‘অতি উচ্চহারে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করায় শেষ পর্যন্ত রাজস্ব আদায়ে ঘাটতি ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে এই রাজস্ব ঘাটতি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য হুমকি হবে না। কারণ, সরকারের উন্নয়ন কর্মসূচির ব্যয় শ্লথ হয়ে গেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ব্যয় হবে না। সব মিলিয়ে নিম্ন পর্যায়ের একটি স্থিতিশীলতা থাকবে।’
আহসান মনসুর অবশ্য এও বলেন যে সার্বিকভাবে বিনিয়োগ ও প্রবৃদ্ধি কমে যাবে। এটা অর্থনীতিকে পিছিয়ে দেবে।
অবশ্য নতুন বছরে মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের চেয়ে অনেক বড় আঘাত আসার আশঙ্কা রয়েছে কর্মসংস্থানের দিক থেকে। গত বছর ১১ মাসে কাজের জন্য দেশের বাইরে গেছে প্রায় তিন লাখ ৭১ হাজার বাংলাদেশি। আর ২০১২ সালে গিয়েছিলেন ছয় লাখ বাংলাদেশি। অর্থাৎ জনশক্তি রপ্তানি অর্ধেকে নেমে গেছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোয় চাহিদা থাকার পরও সরকারের কূটনৈতিক অদক্ষতায় এখানকার একাধিক দেশ যেমন বাংলাদেশি শ্রমিক নিচ্ছে না, তেমনি অনেককে ফেরতও পাঠিয়ে দিয়েছে। এভাবে কর্মসংস্থানের বিদেশি উৎসটি সংকুচিত হয়ে পড়েছে।
অন্যদিকে রাজনৈতিক সহিংসতায় দেশে বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন কর্মী নেওয়ার বদলে বরং বিভিন্ন খাতে কর্মী ছাঁটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়গুলো উল্লেখ করে আহসান মনসুর বলেন, ‘সার্বিকভাবে আমাদের কর্মসংস্থান পরিস্থিতি ২০১৪ সালে বড় ধরনের বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। কর্মসংস্থানের দেশি ও বিদেশি দুই উৎসই সংকুতি হয়ে সামাজিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। রাজনৈতিক অস্থিতি-শীলতার মূল্য এভাবেই দিতে হবে বাংলাদেশকে।’