উদ্বেগ জানিয়ে সুদ মওকুফের দাবি আবাসন ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার একটি হোটেলে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন l প্রথম আলো
ঢাকার একটি হোটেলে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন l প্রথম আলো

চলমান অবরোধ-হরতালে আবাসন ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় ও মূল্য আদায় সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। প্রকল্প এলাকায় পণ্যসামগ্রী পৌঁছাতে না পারায় নির্মাণকাজ প্রায় বন্ধ। ক্রেতারা ফ্ল্যাট ও প্লটে অর্থ বিনিয়োগ করছেন না। ব্যাংকঋণের কিস্তি শোধ করতে পারছেন না আবাসন ব্যবসায়ীরা। সব মিলিয়ে নতুন করে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে আবাসন খাত।
এমন উদ্বেগ জানিয়ে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব তাদের সদস্যদের ব্যাংকঋণের সুদ দুই বছরের জন্য মওকুফ ও ঋণ পুনঃ তফসিলীকরণের সুযোগ চেয়েছে সরকারের কাছে। একই সঙ্গে সংগঠনটি স্বল্প ও মধ্যম আয়ের ক্রেতাদের জন্য এক অঙ্কের (সিঙ্গেল ডিজিট) সুদহারে ঋণ দিতে তহবিল গঠনের দাবিও জানিয়েছে।
রাজধানীর সুন্দরবন হোটেলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামীন। তিনি জানান, ব্যাংকগুলো থেকে আবাসন ব্যবসায়ীদের নেওয়া ঋণের পরিমাণ এখন প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে মানুষ ও অর্থনীতির কথা চিন্তা করে সব রাজনৈতিক দলকে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এর আগে গত ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে আবাসন খাতের সার্বিক অবস্থা তুলে ধরে দেশের বিদ্যমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তবে এখন পর্যন্ত অবস্থার কোনো উন্নতি হয়নি।
রিহ্যাবের সভাপতি দাবি করেন, ৪৬ দিনের অবরোধ-হরতালে সব মিলিয়ে আবাসন ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৬৫৬ কোটি টাকায় উঠেছে। একই সঙ্গে নির্মাণশিল্পের অন্যতম উপকরণ ইট, বালু, সিমেন্ট, রড, রং, বৈদ্যুতিক তার, টাইলস ইত্যাদি ব্যবসায়েও নেতিবাচক প্রভাব পড়েছে।
পরে জানতে চাইলে আলমগীর শামসুল আলামীন প্রথম আলোকে বলেন, প্রত্যেক আবাসন ব্যবসায়ীর স্বল্প ও দীর্ঘমেয়াদি ব্যাংকঋণের সুদ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন এবং ক্রেতাদের কিস্তি পরিশোধ না করা ইত্যাদি হিসাব করলে গড়ে প্রতিদিন ক্ষতি হয় ৩ লাখ টাকা। সে অনুযায়ী রিহ্যাবের ১ হাজার ২০০ সদস্যের দৈনিক ৩ লাখ টাকা ক্ষতি ধরে হিসাব করলে আবাসন ব্যবসায়ীদের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৫৬ কোটি টাকা।
ব্যাংকঋণের সুদ মওকুফ করলে ব্যাংকগুলো চলবে কীভাবে—এক সাংবাদিক এমন প্রশ্ন করলে রিহ্যাবের সভাপতি বলেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য ব্যবসায়ীরা দায়ী নন। যাঁরা রাজনীতি করেন, তাঁরাই প্রশ্নের উত্তর দেবেন।’ তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আমরা কেন এই ক্ষয়ক্ষতির দায় নেব?’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি খাতের ব্যবসায়িক সংগঠনের নেতারা। এর মধ্যে বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, সারা দেশে ৪০০টি রি-রোলিং মিলের মধ্যে বর্তমানে ২০০টি চালু আছে। সেগুলোও ৮ থেকে ১২ ঘণ্টা চালানো যাচ্ছে না। স্বাভাবিক সময়ে চলত কমপক্ষে ১৮ ঘণ্টা। কারণ, এখন রডের চাহিদা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলমগীর কবির, বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মোস্তফা কামাল মহিউদ্দিন, পেইন্টার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবদুর রহমান, রিহ্যাবের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান, সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া প্রমুখ।