উদ্বোধনের এক বছর পর চালু হলো কার শেড

উদ্বোধনের এক বছর পর চট্টগ্রাম বন্দরে নতুন কার শেড বা গাড়ি সংরক্ষণাগার চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল এই শেডের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনের পর বন্দরের অভ্যন্তর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই শেডে এনে গাড়ি রাখা শুরু হয়। শেডটিতে শুরুতে একসঙ্গে ৯০০ গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে পর্যায়ক্রমে অবকাঠামো যুক্ত করে তিন স্তরে ২ হাজার ৭০০ গাড়ি রাখার সুযোগ আছে।
বন্দরের তথ্য অনুযায়ী, আমদানি করা গাড়ি রাখার জন্য কার শেডের নির্মাণকাজ শেষ হয় ২০১৫ সালের ৮ মে। গত বছরের ৭ মে এটি উদ্বোধন করেন নৌমন্ত্রী শাজাহান খান। কিন্তু রাজস্ব বোর্ড থেকে সংরক্ষিত এলাকা ঘোষণা না করায় আমদানি করা গাড়ি রাখার সুযোগ ছিল না। নিয়মানুযায়ী আমদানি পণ্য রাখার জন্য ‘বন্ডেড এরিয়া’ বা সংরক্ষিত এলাকা হিসেবে রাজস্ব বোর্ড থেকে অনুমোদন নিতে হয়। এই অনুমোদন না থাকায় নির্মাণের পরও এত দিন গাড়ি রাখা যায়নি। ৯ মে রাজস্ব বোর্ড সংরক্ষিত এলাকা হিসেবে অনুমোদন দেয়।
নতুন শেডটি চালু হলেও আমদানি করা সব গাড়ি রাখার সুযোগ নেই। কারণ বন্দরে নিয়মিত দুই-আড়াই হাজার গাড়ি খালাসের অপেক্ষায় পড়ে থাকে। এর মধ্যে নতুন শেডটিতে ৯০০ গাড়ি রাখা গেলেও এক-দেড় হাজার গাড়ি বন্দরের অভ্যন্তরে খোলা জায়গায় রাখতে হবে। ব্যবসায়ীরা শুল্ক-কর পরিশোধ করে এখন বন্দরের অভ্যন্তরের পাশাপাশি নতুন শেড থেকেও গাড়ি খালাস করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল বলেন, নতুন শেড চালু হওয়ায় বন্দরের গাড়ি রাখার ধারণক্ষমতা বেড়েছে। এক সপ্তাহের মধ্যে বন্দরের খোলা চত্বর থেকে এই শেডে ৯০০ গাড়ি স্থানান্তর করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান, বন্দর পর্ষদের তিনজন সদস্য জাফর আলম, কমোডর শাহীন রহমান ও মো. কামরুল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, বার্থ অপারেটর, শিপ হ্যান্ডেলিং অপারেটর ও টার্মিনাল অপারেটরস্ অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, কার ক্যারিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বরতাকিয়া কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ ও পরিচালক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
বন্দরের অভ্যন্তরের বাইরে আলাদা গাড়ি রাখার শেড নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। তবে গতকাল অনুষ্ঠানে গাড়ি আমদানিকারকদের সংগঠনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ সম্পর্কে জানতে চাইলে বারভিডার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘বন্দর থেকে এক কিলোমিটার দূরে কার শেডে গাড়ি নেওয়ার মাশুল ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করতে চায় বন্দর। এতে আমাদের আপত্তি ছিল। বিষয়টি সুরাহা হওয়ার আগে কার শেডের কার্যক্রম চালু হয়েছে। আর ঠিক সময়ে অনুষ্ঠানের আমন্ত্রণ না পাওয়ায় উপস্থিত হতে পারিনি।’